সমীর ঘোষ
ভারতের প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের ভর্তির সংখ্যা এক বছরে কমে গেছে প্রায় ২৫ লক্ষ। শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ (UDISE+ 2024-25) তথ্য অনুযায়ী অঙ্গনওয়াড়ি, প্রি-স্কুল এবং প্রাথমিক (ক্লাস ১-৫) স্তরে পড়ুয়াদের ভর্তির সংখ্যা কমেছে। তথ্য বলছে এই সংখ্যাটা ২০২৩-২৪ সালে ১২.০৯ কোটির থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নেমে এসেছে ১১.৮৪ কোটিতে। অর্থাৎ ছাত্র-ছাত্রী ভর্তির সংখ্যা কমেছে ২৪.৯৩ লক্ষ। একটি রিপোর্টে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
কিন্তু কেন কমল পড়ুয়াদের ভর্তির সংখ্যাটা? শিক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন যে জন্মহার হ্রাস এবং জনসংখ্যার গঠনগত পরিবর্তনই এর মূল কারণ। এছাড়াও সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। বলা হচ্ছে বহু শিশু প্রি-প্রাইমারি স্তরে বহু বেসরকারি স্কুলে ভর্তি হওয়ায় সরকারি পরিসংখ্যানে ভর্তির সংখ্যা কম দেখাচ্ছে।
একই সময়ে, মোট স্কুলে ভর্তি পড়ুয়ার সংখ্যা (ক্লাস ১ থেকে ১২) নেমে এসেছে ২৪.৮ কোটি থেকে ২৪.৬৯ কোটিতে। অর্থাৎ ভর্তি কমেছে প্রায় ১১ লাখ। ২০১৮-১৯ সালের পর এই সংখ্যাটা সর্বনিম্ন। যদিও এই হিসেবের মধ্যে সরকারি, সরকার-পোষিত, বেসরকারি এবং অন্যান্য সব ধরনের স্কুল ধরা হয়েছে।
তবে অঙ্গনওয়াড়ি, প্রি-স্কুল এবং প্রাথমিক (ক্লাস ১-৫) স্তরে ভর্তির সংখ্যা সার্বিকভাবে কমলেও কিছু স্তরে বৃদ্ধি পেয়েছে। যেমন মধ্যম স্তর (ক্লাস ৬-৮) ও মাধ্যমিক স্তর (ক্লাস ৯-১২)-এ ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে। মধ্যম স্তরে ভর্তি বেড়েছে প্রায় ৬ লক্ষ এবং মাধ্যমিক স্তরে ভর্তি বেড়েছে প্রায় ৮ লক্ষ। এই রিপোর্টে সার্বিকভাবে মোট ভর্তি কমলেও, ভর্তির হার, ড্রপআউট হার ও শিক্ষক-শিক্ষার্থী অনুপাতের ক্ষেত্রে দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক উন্নতিই লক্ষ্য করা যাচ্ছে।
