সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তালিকা প্রকাশ হতেই জেলায় জেলায় হইচই শুরু হয়েছে। দেখা যাচ্ছে অযোগ্যদের তালিকায় তৃণমূলের একাধিক নেতা- মন্ত্রীদের আত্মীয়ের নাম রয়েছে। অযোগ্য প্রার্থীদের তালিকায় নাম রয়েছে উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের মেয়ের।
বিধায়কের মেয়ে রোশনারা বেগম অযোগ্য প্রার্থীদের মধ্যে একজন। তালিকা অনুসারে এমনটাই জানা গিয়েছে। ২০২২- এর তালিকাতেও রোশনারার নাম ছিল।
শনিবার সন্ধ্যায় কমিশন তাদের ওয়েবসাইটে নাম এবং রোল নম্বর সহ দাগি অর্থাৎ অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করেছে। তাতেই রয়েছে চোপড়ার তৃণমূল বিধায়কের মেয়ে রোশনারার নাম। রোশনারা কালীগঞ্জ হাইস্কুলে শিক্ষিকা ছিলেন।
বিষয়টি সামনে আসতেই ময়দানে নেমেছে বিজেপি। তাদের অভিযোগ তৃণমূলের সব নেতা মন্ত্রীই দুর্নীতিতে জড়িত। এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মূল মাথা রয়েছেন কালীঘাটে। তাকে গ্রেফতার করতে হবে।
অন্যদিকে তৃণমূল বিধায়ক হামিদুর বলছেন বিষয়টা আদালতে বিচারাধীন। কারণ তাঁর মেয়েে-জামাই কোর্টে মামলা করেছে। তাই এই বিষয়টি নিয়ে তিনি বেশি কিছু বলবেন না।
উল্লেখ্য, ২০১৮ সালে কালীগঞ্জ হাইস্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিয়েছিলেন রোশনারা। এর আগে এসএসসি আদালতে পেশ করা হলফনামায় রোশনারার নিয়োগকে বেআইনি বলে জানিয়েছিল। শনিবার প্রকাশিত প্রথম তালিকায় যে ১৮০৩ জনের নাম ছিল তাতে রোশনারার নাম ছিল না। তবে মাঝরাতে তৃণমূল বিধায়কের মেয়ে রোশনারার নাম অযোগ্যদের তালিকায় যোগ করা হয় বলে খবর।
