রাজ্যের সব সরকারি হাসপাতালকে আগামী দু’ মাসের জন্য চিকিৎসকদের ডিউটি রোস্টার তৈরির নির্দেশ দিল স্বাস্থ্য ভবন। আর কয়েক দিন পর দুর্গাপুজো। পুজোর সময় যাতে প্রতিটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকেন সে জন্যই এই আগাম নির্দেশিকা। স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় বলা হয়েছে পুজোর মরসুমে খুব জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ছুটি দেওয়া যাবে না। এমনকী, বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও থাকবে বিধিনিষেধ।
নবান্নের তরফে স্পষ্ট জানানো হয়েছে, উৎসবের মরসুমে চিকিৎসায় গাফিলতির অভিযোগে কোনও মৃত্যু বা দুঃখজনক ঘটনা মেনে নেওয়া হবে না। সঙ্কটজনক রোগীদের ১০ মিনিটের মধ্যে চিকিৎসা শুরু করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। চিকিৎসার জন্য হাসপাতলে যাওয়া রোগীরা যাতে সব সময় চিকিৎসকদের দেখা পান সেই বিষয়টি নিশ্চিত করতেই এই নির্দেশিকা।
ওই নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি জেলা হাসপাতালকে পুজোর সময় চিকিৎসকদের ডিউটি রোস্টার অবিলম্বে স্বাস্থ্য ভবনকে জানাতে হবে। ওই ডিউটি রোস্টারে প্রত্যেক চিকিৎসকের নাম, তাঁরা কোন পদে রয়েছেন এবং তাঁদের মোবাইল নম্বর বিস্তারিত জানাতে হবে। পুজোর সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা যাতে হাসপাতালে উপস্থিত থাকেন সে বিষয়টি দেখার জন্য প্রত্যেক হাসপাতালের সুপার এবং ব্লক স্বাস্থ্য আধিকারিককে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন। বিশেষজ্ঞ ডাক্তারদের যাতে ২৪ ঘণ্টা হাসপাতালেই পাওয়া যায় সে বিষয়টি সুপারদের নিশ্চিত করতে বলা হয়েছে। হাসপাতালের পরিষেবা চালু রাখার জন্য ওষুধ থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় উপাদান যাতে ২৪ ঘণ্টাই যথাযথ পরিমাণ মজুত থাকে সেই বিষয়েও সুপারদের দৃষ্টি দিতে বলা হয়েছে।
অর্থাৎ হাসপাতালে আসা অসুস্থ মানুষ যাতে কোথাও কোনও রকম সমস্যার সম্মুখীন না হন সে বিষয়ে নজর রাখার জন্য হাসপাতালে সুপার ও ব্লক স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিয়েছে নবান্ন।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
