গ্রানাইটের ইট পাতা রাস্তা। দুধারে একের পর এক বহুতল। ফুলহাতা কালো পুলওভার ও একই রঙের সানগ্লাসে রাস্তার মাঝখানে অভিনেতা আরশাদ ওয়ারসি। পোল্যান্ডের ওয়ারশতে ফ্রেমবন্দি তাঁর আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজে বলা ‘আই লাভ ইউ’। সোস্যাল মিডিয়ায় সেই ছবি আসতে না আসতেই ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
মধ্য ইউরোপের রাজধানী শহরে ফ্রেমবন্দি ছবিটি ভাইরাল হওয়ার অনেকগুলি কারণ কিন্তু রয়েছে। নিছক ছুটি কাটাতে নয়, আরশাদ ওয়ারসি সেখানে রয়েছেন সিদ্ধার্থ আনন্দের অ্যাকশন থ্রিলার কিং-এ একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে। কিং ফিল্মে মুখ্য চরিত্রে রয়েছেন শাহরুখ খান এবং সুহানা খান। বাবা-মেয়ের share the screen এর খবর ফিল্ম অনুরাগীদের ইতিমধ্যেই মাতিয়ে দিয়েছে। আর সেখানে আরশাদ ওয়ারসি থাকা তো বাড়তি পাওনা।
ওয়ারসির ছবিতে লাইক ও কমেন্টের বন্যায় আলাদা করে নজর কেড়েছে ছোট্ট একটি মন্তব্য।
“ওয়েলকাম টু দ্য কিংডম।” প্রেরক সিদ্ধার্থ আনন্দ। যিনি অ্যাকশন থ্রিলার কিং এর পরিচালক। শুধু ছবিই নয়, ছবিকে ঘিরে আরশাদ ওয়ারসির দেওয়া ক্যাপশনও নজর কেড়ে নিয়েছে নেট নাগরিকদের।
ক্যাপশনে অভিনেতা লিখেছেন. “আমি কোথায় আছি তা অনুমান করে কোনও লাভ হবে না, আমি আমার প্রিয়জনের সঙ্গে শুটিং করছি… ঈশ্বরকে ধন্যবাদ।”
‘কিং’-এ শুটিং ঘিরে অনেক খবরই হয়েছে সংবাদ মাধ্যমে। মুম্বইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্যে শ্যুট করার সময় চোট পেয়েছিলেন স্বয়ং শাহরুখ। তাঁর আহত হওয়ার জেরে নির্ধারিত শুটিং অনেকটা পিছিয়েছে।
‘কিং’-এ, শাহরুখের চরিত্রটি একজন অভিজ্ঞ খুনির। সেখানে সুহানা খান তাঁর শিষ্য হিসেবে বিপজ্জনক মিশনের জন্য ট্রেনিং দিচ্ছেন। শাহরুখ-সুহানা-আরশাদ ছাড়াও ছবিতে আছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানী মুখার্জি, অভয় ভার্মা এবং রাঘব জুয়াল।
