প্রায় প্রতিদিনই নৈশভোজের পর্ব চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।শুক্রবার হোয়াইট হাউসের নতুনভাবে সাজানো রোজ গার্ডেনে রিপাবলিকান জনপ্রতিনিধিদের জন্য বসেছিল ডিনারের আসর।এই আসরেই তাঁর বিদেশনীতি সাফল্যের কথা তুলে ধরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “কেউই আমাদের মতো করতে পারেনি।সাত মাসে আমরা সাতটি যুদ্ধ থামিয়েছি।” এর আগেও বারবার যুদ্ধ থামানোর মুকুট নিজেই নিজের মাথায় পরে শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য বলে দাবি করেছেন ট্রাম্প।মার্কিন প্রশাসন তো বটেই এজন্য তাঁর নোবেল পাওয়া উচিত বলে বার্তা দিয়েছে পাকিস্তানও।
ঠিক এর আগের দিনই ট্রাম্পের ডাকে নৈশভোজের আসর উজ্জ্বল করেছিলেন বিল গেটস, টিম কুক, মার্ক জুকারবার্গ, সুন্দর পিচাই সহ বিখ্যাত টেক প্রধানেরা। কিন্তু বৃষ্টির জন্য হাই প্রোফাইল এই ভোজ হয়েছিল হোয়াইট হাউজের ভেতরে।বিশ্বের তাবড় প্রযুক্তি সংস্থার বিনিয়োগ গন্তব্য ভারত ও চিনের মত দেশ হওয়ায় কপালে ভাঁজ পড়েছে ডোনাল্ড ট্রাম্পের। সিলিকন ভ্যালির শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলোকে ফের মার্কিন দেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে ফেরাতেই নৈশভোজের আয়োজন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
তবে এদিনের অনুষ্ঠানে বিদেশনীতি সাফল্যের কথা তুলে ধরলেও ট্রাম্প আলোচনায় টেনে আনেন অভ্যন্তরীণ নিরাপত্তা কর্মসূচির বিষয়।আমেরিকায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা প্রতিদিনের ব্যাপার। শিকাগো প্রসঙ্গে তিনি বলেন, “এক সপ্তাহে ১১ জন নিহত আর ৬৮ জন গুলিবিদ্ধ এটা কোনোভাবেই মানা যায় না।” ওয়াশিংটন ডিসিকে “দেশের সবচেয়ে অসুরক্ষিত শহর” আখ্যা দিয়েছেন ট্রাম্প।এমন পরিস্থিতিতে অভ্যন্তরীণ নীতি নিয়ে আরও কঠোর হওয়ার বার্তা দেন। তিনি বলেন, অপরাধপ্রবণ শহরগুলো—যেমন পোর্টল্যান্ড, শিকাগো ও নিউ অরলিন্সে ফেডারেল বাহিনী মোতায়েনের কথা।
ফলে যখন নিজের দেশেই মানুষের নিরাপত্তার ঠিক নেই তখন ট্রাম্পের সাত যুদ্ধ থামানোর দাবি ঘিরে শুরু হয়েছে চর্চা।ইউক্রেন যুদ্ধ নিয়ে হতাশার কথাও উঠে এসেছে ট্রাম্পের বার্তায়।পূর্ব ইউরোপের চলা ইউক্রেন ও রাশিয়ার সংঘাতের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “যে যুদ্ধটিকে সবচেয়ে সহজ ভেবেছিলাম, সেটিই সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে।”
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
