চিনকে গোলের মালা পরিয়ে এশিয়া কাপ হকির ফাইনালে উঠল ভারতের পুরুষ হকি দল। শনিবার রাজগিরে টিম ইন্ডিয়ার জয় ৭-০ গোলের ব্যবধানে। গ্রুপ পর্বে এই চিনের বিরুদ্ধেই ভারত জিতেছিল ৪-৩ গোলের ব্যবধানে। রবিবার খেতাব জয়ের লড়াইতে ভারতের প্রতিপক্ষ গতবারের এশিয়া কাপ চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া।
শনিবার সুপার ফোর পর্বে, দিনের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়া ৪-৩ গোলে হারিয়েছে মালয়েশিয়াকে। দু-দলের রুদ্ধশ্বাস ম্যাচটির শেষপর্বে ছিল টান টান উত্তেজনা। খেলা শেষ হওয়ার ৯০ সেকেন্ড আগে কোরিয়া গোল করে ম্যাচ বের করে নিয়েছে। রবিবার ঘরের মাঠে কোরিয়াকে হারালে শুধু চতুর্থবার মতো এশিয়া কাপের খেতাব জেতাই নয়, দুহাজার ছাব্বিশের বিশ্বকাপ হকির মূল পর্বেও জায়গা করে নেবে ভারত।
টিম গেমেই বাজিমাত করেছে মেন ইন ব্লু। টিম ইন্ডিয়ার কোচ ক্রেইগ ফুলটন এশিয়া কাপের শুরু থেকেই ব্যক্তিগত নৈপুণ্যের থেকেও দলগত খেলার দিকে বেশি জোর দিয়েছেন। কোচের সেই নির্দেশ মেনে সুপার ফোরের শেষ দুটি ম্যাচে টেক্কা দিয়েছে ভারত। মালয়েশিয়ার বিরুদ্ধে ৪-১ গোলে জয়ের পর শনিবার চিনকেও উড়িয়ে দিল ৭-০ গোলে। বিরতিতে ভারত এগিয়ে ছিল ৩-০ গোলের ব্যবধানে।
প্রতি কোয়র্টারে গোল করেছে ভারত। ম্যাচের ৭টি গোল এসেছে ৬ জনের হকির স্টিকের ছোঁয়ায়। প্রথম কোয়ার্টারে ভারত করেছে ২ টি গোল। গোলদাতা শিলানন্দ লাকরা এবং দিলপ্রীত সিং। দ্বিতীয় কোয়ার্টারে গোল করেছেন মনদীপ সিং। তৃতীয় কোয়ার্টারে গোলদাতা রাজকুমার এবং সুখজিৎ সিং। চতুর্থ তথা শেষ কোয়ার্টারের দুটি গোল অভিষেকের করা। সব মিলিয়ে প্রতিটি কোয়ার্টারেই সংশয়াতীত প্রাধান্য বজায় রেখে ফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছে হরমনপ্রীতের দল।
ভারত-
কৃষ্ণ বাহাদুর পাঠক (গোলরক্ষক), হরমনপ্রীত সিং (অধিনায়ক), মনদীপ সিং, হার্দিক সিং, অভিষেক, সুমিত, যুগরাজ সিং, বিবেক সাগর প্রসাদ, সুখজিৎ সিং, সঞ্জয়, রাজিন্দার সিং
