করমর্দন বিতর্কের পর আরও একবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান। এক সপ্তাহের ব্যবধানে রবিবার
এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচের আগে আরও একবার মেন ইন ব্লু-কে হুঁশিয়ারি দিয়ে রাখলেন পাক অধিনায়ক সলমন আলি আঘা। পাশাপাশি এও জানিয়ে দিলেন সুপার ফোরের কঠিন লড়াইয়ে নামার আগে তাঁদের লক্ষ্য কী।
সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে বুধবার ৪১ রানের জয়ের পর সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। এই ম্যাচের পর দলকে মিডল ওভারে আরও ধারালো ব্যাটিং করার আহ্বান জানিয়েছেন অধিনায়ক আঘা। তিনি দলের ব্যাটিং ব্যর্থতাকে ঢাকার বিন্দুমাত্র চেষ্টা না করে বলেন, “আমরা নিজেদের কাজ শেষ পর্যন্ত করতে পেরেছি। কিন্তু মিডল ওভারে আমাদের আরও ভালো ব্যাটিং করা দরকার ছিল।”
এর পরই নাম না করে ভারতকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন আঘা। বলেন, “বোলাররা ভাল করেছে। আমরা এখনও আমাদের সেরাটা দিতে পারিনি। আমরা যদি ভাল ব্যাটিং করতাম, তা হলে ১৭০-১৮০ রানে পৌঁছতে পারতাম। শাহীন একজন ম্যাচ উইনার। তাঁর ব্যাটিংয়ে উন্নতি হয়েছে। আবরার অসাধারণ। সে এমন একজন যে আমাদের খেলায় ফিরিয়ে আনছে। আমরা যে কোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। যদি আমরা ভাল ক্রিকেট খেলি, তা হলে যে কোনও দলের বিপক্ষে ভালো হতে পারি।”
নিজের দাবি পুনরায় ব্যক্ত করেন পাক অধিনায়ক। তাঁর কথায়, “হ্যাঁ, আমরা যে কোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। আমরা কেবল ভাল ক্রিকেট খেলতে চাই। যেমনটা আমরা গত কয়েক মাস ধরে খেলে এসেছি তেমনই।” তিনি আরও বলেন যে, পাকিস্তানকে অবশ্যই ৭ থেকে ১৫ ওভারের মধ্যের সমস্যাগুলি সমাধান করতে হবে। এই বাধাগুলিই বার বার দলকে বড় রানের ইনিংস থেকে আটকাচ্ছে।
