পুজোর ছুটির সময় যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সব হস্টেল বন্ধ রাখতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এমনই নির্দেশ দিয়েছে বলে খবর। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে এই নির্দেশ দেন।
হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, “প্রো ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রারকে নিশ্চিত করতে হবে যে, হস্টেলগুলি পুজোর ছুটির সময় বন্ধ থাকবে। যাদবপুর পুলিশ স্টেশনের অফিসার ইন চার্জ এই বিষয়টি পরিদর্শন করবেন। পুজোর ছুটির সময় কোনও অবৈধ ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিশ্চিত করতে হবে। প্রয়োজনে পুলিশের সাহায্য নেওয়া যেতে পারে।”
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা নিয়ে জনস্বার্থ মামলা চলছে। গত বছর প্রথম বর্ষের এক পড়ুয়া র অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে র্যাগিং-এর অভিযোগ উঠেছিল। মামলাকারীরা উল্লেখ করেছেন, এই ধরনের ঘটনা রোধ করতে বিশ্ববিদ্যালয়ে পুলিশের উপস্থিতি প্রয়োজন।
রাজ্যের তরফে সিনিয়র অ্যাডভোকেট জানান, রাজ্য চাইবে না যে কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশের টহলদারি চলুক। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া র্যাগিং, মন্ত্রীদের টার্গেট করা থেকে শুরু করে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের মতো একের পর এক ঘটনা ঘটার কারণে পুলিশের উপস্থিতি জরুরি।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জানান, ক্যাম্পাসে পুলিশের উপস্থিতি কাম্য নয়, তবে বিশ্ববিদ্যালয় আদালতের নির্দেশ মেনে চলবে। তাই আদালত নির্দেশ দিয়েছে,পূর্ণাঙ্গ সমাধান খুঁজে বের করতে বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের স্টেকহোল্ডার বৈঠক ডাকা হোক। এখন দেখার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়।
Jadavpur University, Puja Vacation, Calcutta High Court, Hostel Closure, Law and Order.
