
ইংল্যান্ডের ম্যানচেস্টারে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা। মৃত্যু হল দু’জনের। বুধবার হিটন পার্ক কংগ্রেগেশন সিনাগগের বাইরে এই হামলার ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন এক ব্রিটিশ নাগরিক, তিনি সিরীয় বংশোদ্ভূত বলে জানা গেছে। প্রথমে সন্ত্রাসবাদীরা একটি গাড়ি করে লোকজনকে ধাক্কা দেয় এবং তারপর ছুরি নিয়ে হামলা চালায় বলে জানা গিয়েছে।ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় নিহত দুই ব্যক্তির নাম এড্রিয়ান ডলবি, বয়স ৫৩ এবং মেলভিন ক্রাভিটজ, বয়স ৬৬। তাঁরা দু’জনই সিনাগগের বাইরে হামলার শিকার হন।গ্রেটার ম্যানচেস্টার পুলিশের পক্ষ থেকে নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানানো হয়েছে। ডিটেকটিভ চিফ সুপারিনটেনডেন্ট লুইস হিউজেস জানিয়েছেন, বিশেষভাবে প্রশিক্ষিত অফিসাররা নিহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি বলেন, “তদন্ত চলাকালীন সময়ে আমরা পরিবারের সদস্যদের নিয়মিতভাবে আপডেট জানাব এবং পুরো প্রক্রিয়ায় তাদের পাশে থাকব।” তিনি আরও যোগ করেন, “আইনি প্রক্রিয়াগুলি যথাযথভাবে অনুসরণ করতে হবে। তবে আমরা সাংস্কৃতিক সংবেদনশীলতা ও পারিবারিক ইচ্ছার প্রতি যথাসম্ভব শ্রদ্ধাশীল থাকব।”উল্লেখ্য, বুধবারের এই ঘটনায় গাড়ি দিয়ে ধাক্কার পর হামলাকারী ছুরি নিয়ে দৌড়ে গিয়ে লোকজনের ওপর আক্রমণ চালায় বলে অভিযোগ। হামলাকারীর নাম আল-শামি বলে জানা গেছে। পরে পুলিশ তাকে গুলি করে আটক করে। এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। উল্লেখ্য, এই হামলা ঘটে ইয়ম কিপুরের দিন। এই দিনটি ইহুদি ধর্মাবলম্বীদের জন্য বছরের সবচেয়ে পবিত্র দিন। পুলিশ জানিয়েছে, হামলার তদন্ত চলছে এবং জনগণকে সতর্ক থাকার পাশাপাশি শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।
