
মরার উপর খাঁড়ার ঘা দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে শান্তি পক্রিয়া তৈরি করেছেন তা মেনে না নিলে শুরু হয়ে যাবে ধ্বংসযজ্ঞ। শুক্রবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, এটি হামাসের জন্য ‘শেষ সুযোগ’। তিনি সতর্ক করে বলেন, ‘চুক্তি না হলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হবে অন্য উপায়ে।’
গত সোমবার হোয়াইট হাউসে ইজরায়েলের প্রধানমন্ত্রীর সফরের সময় ট্রাম্প পূর্ণাঙ্গ পরিকল্পনার কথা জানান। এতে প্যালেস্তাইন প্রতিষ্ঠার কোনও রূপরেখা না থাকলেও হামাসকে গাজার শাসন ক্ষমতা থেকে সম্পূর্ণভাবে সরে যেতে বলা হয়েছে। বলা হয়েছে, এর বিনিময়ে গাজায় ত্রাণ পৌঁছনোর অনুমতি দেওয়া হবে এবং ইজরায়েল ১ হাজার ৪২০ জন প্যালেস্তেনীয় বন্দিকে মুক্তি দেবে।
শুক্রবার কঠোর ভাষায় হুমকি দিয়ে ট্রাম্প বলেন, অধিকাংশ হামাস যোদ্ধারা ঘিরে ফেলা ও সামরিকভাবে আটকানো অবস্থায় আছে। তিনি একবার ‘গো’ বললেই তাদের জীবন দ্রুত শেষ করা হবে; বাকিদের খুঁজে বের করে হত্যা করা হবে। বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।সরকারিভাবে হামাসের এখনও প্রতিক্রিয়া মেলেনি। তবে তাদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মহম্মদ নাজ্জাল এক বিবৃতিতে বলেছেন, “এই পরিকল্পনার কিছু উদ্বেগজনক দিক আছে; আমরা শিগগিরই আমাদের অবস্থান ঘোষণা করব।”
যদিও আগে হামাস জানিয়েছিল তারা কেবল স্থায়ী যুদ্ধবিরতি ও ইজরায়েলের সেনা প্রত্যাহারের বদলে বাকি বন্দিদের মুক্তি দেবে। যদিও নেতানিয়াহু তাদের শর্ত বাতিল করে বলেছে, হামাসকে নিরস্ত্রীকরণ করে আত্মসমর্পণ করতে হবে।
