
বিহারে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক, ভোটের দফা ও তারিখ ঘোষণায় নজর স্মল হেড – নির্বাচনের প্রস্তুতি, বিহারে কমিশনের ফুল বেঞ্চআসন্ন বিহার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এই মুহূর্তে পাটনায় রয়েছে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার।শনিবার শহরের একটি পাঁচ তারা হোটেলে রাজ্যের ১২টি স্বীকৃত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক হয়। যেহেতু বিহার বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হবে আগামী ২২ নভেম্বর, তাই সেরাজ্যে ভোট ঘোষণা এখন সময়ের অপেক্ষা মাত্র।কাজেই ভোটের তারিখ ঘোষণার ঠিক আগে কমিশনের ফুল বেঞ্চের সংশ্লিষ্ট রাজ্যে সফর রুটিন বিষয়।এই প্রতিনিধি দলে অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী।
শুক্রবারই তিন কমিশনার বিহারের রাজধানী পাটনায় পৌঁছেছেন। ভোট কবে হবে ও কতগুলো দফায় হবে সেটাই এখন বড় প্রশ্ন। ২০২০-র বিধানসভা ভোট পাঁচ দফায় অনুষ্ঠিত হয়েছিল।এবার দফা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে এই সফরে রাজ্যের পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা সেরে নিচ্ছে কমিশন। রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনার পর কমিশনের প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকও সেরে নেওয়া চলছে। জানা যাচ্ছে শাসকদল বিজেপি দাবি জানিয়েছে যে, আসন্ন বিধানসভা নির্বাচন কম পর্যায়ে সম্পন্ন করা হোক।
আগামী মাসের ৩ বা ৪ তারিখের পর ভোট করার আবেদনও জানানো হয়েছে দলের পক্ষ থেকে ।ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যারা বিধানসভা ও কয়েকটি উপনির্বাচনে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবে সেই পুলিশ এবং পর্যবেক্ষকদের ব্রিফিং করা হয়।
সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৪২৫ জন অফিসার সেই বৈঠকে উপস্থিত ছিলেন।এর মধ্যে ছিলেন ২৮৭ জন আইএএস, ৫৮ জন আইপিএস এবং বাকি ৮০ জন আইআরএস, আইআরএএস, আইসিএএস ও অন্যান্য পরিষেবার অফিসার।নিজের বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পর্যবেক্ষকদের ‘গণতন্ত্রের আলোকবর্তিকা’ হিসেবে তুলে ধরেন। তাঁদের সমস্ত নির্বাচন আইন, বিধি ও নির্দেশিকা ভালোভাবে জেনে নিতে নির্দেশ দেন তিনি। বলেন বাস্তব তথ্য সরবরাহ করতে এবং নিরপেক্ষ ও কঠোরভাবে তা প্রয়োগ নিশ্চিত করতে।
