
দুর্গাপুজোর পর ক্লান্ত, ট্যান পড়া ত্বকে ফেরাতে চান জেল্লা? কালীপুজো ও দীপাবলির আগে সময় না থাকলেও ঘরে বসেই ত্বকের যত্ন সম্ভব। প্রসাধনীর বদলে প্রাকৃতিক উপাদানেই ত্বক পেতে পারে ‘বোটক্স’-এর মতো ফল। মাত্র পাঁচটি বীজ দিয়ে বানানো ফেসপ্যাকেই ফিরে আসবে ত্বকের লাবণ্য ও টানটান ভাব।
চিয়া বীজে আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টি-অক্সিড্যান্ট, যা ত্বকের পিএইচ ভারসাম্য রক্ষা করে এবং দাগছোপ কমায়। তিসি বীজ ত্বককে মসৃণ রাখে, বলিরেখা দূর করে। কুমড়োর বীজে থাকা প্রোটিন, ম্যাগনেশিয়াম ও জিঙ্ক ত্বকের কোলাজেন তৈরি করে, ফলে মুখে আসে প্রাকৃতিক জেল্লা। সূর্যমুখীর বীজ রোদে পোড়া দাগ দূর করে ও মেলানিন কমিয়ে কালচে ভাব হ্রাস করে। তিলের বীজে থাকা খনিজ ও তেল ত্বককে করে উজ্জ্বল ও মসৃণ।
ফেসপ্যাক তৈরির জন্য চিয়া বীজ রাতে ভিজিয়ে রেখে ২ চামচ কুমড়োর বীজ, ২ চামচ সূর্যমুখীর বীজ, ১ চামচ তিসি, ১ চামচ তিল ও ১ চামচ চিয়া একসঙ্গে হালকা ভেজে আখরোট ও কাঠবাদামের সঙ্গে গুঁড়ো করে জারে রাখুন। প্যাক বানাতে এই গুঁড়োর সঙ্গে টকদই ও মধু মিশিয়ে মুখে ২০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। চাইলে অ্যালোভেরা জেলও ব্যবহার করা যায়।
এই ফেসপ্যাক ত্বক ‘ডিটক্স’ করে, রোদে পোড়া দাগ ও বলিরেখা দূর করে, ক্লান্ত ত্বকে ফেরায় প্রাকৃতিক উজ্জ্বলতা। একই মিশ্রণ ওটস বা স্মুদিতেও মিশিয়ে খেলে ত্বকের ভিতর থেকেও উন্নতি হবে এই দীপাবলিতে জেল্লা ফুটে উঠবে মুখে ও মেজাজে।
