
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ফের সীমান্ত উত্তেজনা ছড়িয়েছে। বুধবার সকালে আফগানিস্তানের পাকতিকা ও কন্দহর প্রদেশে দুই দেশের সেনার মধ্যে তীব্র সংঘর্ষের খবর মিলেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে অন্তত ১২ জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক। হামলার পর আফগান বাহিনী পাল্টা আক্রমণ চালায়, যার জেরে সীমান্তে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।
আফগান প্রশাসনের দাবি, কান্দাহারের স্পিন বলডাক এলাকায় প্রথমে হামলা শুরু করে পাকিস্তানি সেনা। সেই হামলায় ঘরবাড়ি ধ্বংস হয়েছে, বহু মানুষ আহত হয়েছেন। পাল্টা অভিযানে আফগান বাহিনী নাকি স্পিন বলডাক গেটের দখল নিয়েছে এবং সেখানে বর্তমানে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। তবে পাকিস্তানি সেনার ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো সঠিক তথ্য মেলেনি।
অন্যদিকে, ইসলামাবাদের দাবি, বিনা প্ররোচনায় আফগান বাহিনীই প্রথম গুলি চালায়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সীমান্তবর্তী অঞ্চলেও গোলাগুলি হয়েছে বলে সেখানকার সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে। এদিকে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের তুরো ও উরমুজ় এলাকায়ও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা নতুন নয়, তবে সাম্প্রতিক এই সংঘর্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংঘর্ষ দুই দেশের সম্পর্ক আরও অবনতি ঘটাতে পারে এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।
