
রোম: ফুটবলের প্রচলিত নিয়মে বড়সড় পরিবর্তনের প্রস্তাব দিয়ে আলোচনার কেন্দ্রে ইতালির ক্লাব নাপোলির মালিক অরেলিও ডি লরেন্তিস। তাঁর মতে, আধুনিক দর্শকদের আকর্ষণ ধরে রাখতে ফুটবলের বর্তমান কাঠামো বদলানো জরুরি। তাই ম্যাচের সময় কমানো থেকে শুরু করে কার্ড ব্যবস্থা তুলে দেওয়ার মতো একাধিক প্রস্তাব সামনে এনেছেন তিনি।
ডি লরেন্তিসের প্রধান প্রস্তাব অনুযায়ী, ৯০ মিনিটের পরিবর্তে ম্যাচ হওয়া উচিত ৫০ মিনিটের। প্রতি অর্ধ হবে ২৫ মিনিটের এবং অতিরিক্ত সময় বা সংযুক্ত সময়ের প্রয়োজন থাকবে না। তাঁর যুক্তি, দীর্ঘ সময় ধরে ম্যাচ চলায় তরুণ দর্শকদের আগ্রহ কমে যাচ্ছে। এছাড়া হাফটাইম বিরতিও কমানোর পক্ষে তিনি, কারণ এই সময়ে দর্শকরা খেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন বলে তাঁর দাবি।
আরও একটি বিতর্কিত প্রস্তাব হলো লাল ও হলুদ কার্ড ব্যবস্থা বাতিল করা। এর পরিবর্তে তিনি “সিন বিন” বা সাময়িক শাস্তি চালুর কথা বলেছেন। ছোট ফাউলের ক্ষেত্রে খেলোয়াড়কে কয়েক মিনিটের জন্য মাঠের বাইরে রাখা হবে, আর গুরুতর অপরাধে দীর্ঘ সময়ের জন্য। তাঁর মতে, এতে শাস্তি আরও কার্যকর হবে এবং খেলার গতি বজায় থাকবে।
অফসাইড নিয়ম নিয়েও পরিবর্তনের দাবি তুলেছেন তিনি। খুব অল্প ব্যবধানে গোল বাতিল হওয়াকে তিনি অপ্রয়োজনীয় কঠোরতা বলে অভিহিত করেছেন। তাঁর মতে, এতে দর্শকদের আগ্রহ কমে যায় এবং গোলের সংখ্যা বাড়ানোর জন্য নিয়ম শিথিল করা উচিত।
লিগ কাঠামো নিয়েও প্রশ্ন তুলেছেন নাপোলি প্রধান। ইতালির শীর্ষ লিগে দলের সংখ্যা কমানোর প্রস্তাব দিয়ে তিনি বলেছেন, ছোট শহরের ক্লাবগুলোর পরিবর্তে বড় সমর্থকভিত্তিক দলগুলিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এতে প্রতিযোগিতা ও বাণিজ্যিক সাফল্য দুটোই বাড়বে বলে তাঁর ধারণা।
এছাড়া ইউরোপের বড় ক্লাবগুলো নিয়ে নতুন এক প্রতিযোগিতা তৈরির প্রস্তাবও দিয়েছেন তিনি। তবে এটি কোনো বিদ্যমান সুপার লিগ নয়, বরং নতুন ধরনের চ্যাম্পিয়নশিপ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ডি লরেন্তিস। ফিফা ও উয়েফার বর্তমান নীতির সমালোচনাও করেছেন তিনি, দাবি করেছেন খেলোয়াড়দের উপর অতিরিক্ত ম্যাচের চাপ দেওয়া হচ্ছে।
ডি লরেন্তিসের এই প্রস্তাব ঘিরে ফুটবল মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ এটিকে আধুনিকীকরণের প্রয়াস বললেও অনেকে বলছেন, ফুটবলের মৌলিক চরিত্র বদলে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
