
ভারতের সিন্ড্রেলা দাস ও দিব্যাংশী ভৌমিক ইতিহাস রচনা করেছেন। আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের নবপ্রকাশিত অনূর্ধ্ব-১৯ মেয়েদের ডাবলস র্যাঙ্কিংয়ে তারা এখন বিশ্বে এক নম্বর স্থানে পৌঁছেছেন। মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় ভারতের এই জুটি ৩৯১০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।
চীনা তাইপেইয়ের উ জিয়া-এন ও উ ইয়িং সিউয়ান (৩১৯৫ পয়েন্ট) দ্বিতীয় এবং ফ্রান্সের লিয়ানা হোচার্ট ও নিনা গুও ঝেং (৩১৭০ পয়েন্ট) তৃতীয় স্থানে রয়েছেন।
এটি ভারতীয় টেবিল টেনিসে এক ঐতিহাসিক সাফল্য, কারণ প্রথমবারের মতো প্রথম স্থানে থাকার পাশাপাশি ছয় ভারতীয় কিশোরী জুটি একসঙ্গে বিশ্বের শীর্ষ ১০০-র মধ্যে জায়গা করে নিয়েছে। এটি দেশের জুনিয়র পর্যায়ের দ্রুত বিকাশ ও সাফল্যের প্রতিফলন।
সিন্ড্রেলা ও দিব্যাংশীর এই অর্জনের পেছনে রয়েছে টানা ধারাবাহিক পারফরম্যান্স। তাঁরা দেশীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে একাধিক পদক জিতেছেন। গোয়ার বিশ্ব টেবিলটেনিস ইউথ কনটেন্ডার ও তিউনিসের বিশ্ব টেবিলটেনিস ইউথ স্টার কনটেন্ডারে জোড়া সোনা, পাশাপাশি বার্লিন ও লিমায় একই ধরনের প্রতিযোগিতায় সেমিফাইনাল পর্যায়ে পৌঁছেছিলেন। সিন্ড্রেলার নিখুঁত ব্যাকহ্যান্ড ও দিব্যাংশীর শক্তিশালী ফোরহ্যান্ডের সমন্বয় তাদেরকে জুনিয়র সার্কিটে অন্যতম ভয়ঙ্কর জুটিতে পরিণত করেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স-এ পোস্ট করে লিখেছেন, “দক্ষিণ ২৪ পরগনার সিন্ড্রেলা দাস এবং দিব্যাংশী ভৌমিককে আন্তরিক অভিনন্দন !কলকাতার ধানুকা ধুনসেরি সৌম্যদীপ-পৌলমি টেবিল টেনিস অ্যাকাডেমির ছাত্রী সিন্ড্রেলা ও দিব্যাংশী এক অসাধারণ সাফল্য অর্জন করেছে — বিশ্ব টেবিল টেনিস র্যাঙ্কিংয়ের অন্তর্গত গার্লস ডাবলস (অনূর্ধ্ব-১৯) বিভাগে বিশ্ব এক নম্বর স্থানে পৌঁছে।
ভারতের এই জুটি এখন ৩৯১০ পয়েন্ট নিয়ে গ্লোবাল স্ট্যান্ডিংয়ে শীর্ষে রয়েছে, চাইনিজ তাইপেই এবং ফ্রান্সের জুটিদের পেছনে ফেলে – যা আমাদের সবার জন্য এক গর্বের মুহূর্ত।
তাদের ভবিষ্যতের খেলাধুলার যাত্রায় আরও সাফল্য ও মাইলস্টোনের জন্য শুভেচ্ছা জানাই।”
এই জুটির পাশাপাশি আরও কয়েকজন ভারতীয় খেলোয়াড়ও র্যাঙ্কিংয়ে দারুণ সাফল্য পেয়েছেন। তনিশা কোটেচা ও সায়লি ওয়ানি ১৫৭৫ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রয়েছেন। সুহানা সৈনি ও শ্রিয়া আনন্দ ৮৭৫ পয়েন্ট নিয়ে ২২তম স্থানে আছেন, দক্ষিণ এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে রৌপ্যপদক জেতার সুবাদে।
অন্যদিকে নতুন জুটি সুহানা সৈনি ও তনিশা কোটেচা ৬২০ পয়েন্ট নিয়ে ৩১তম স্থানে, আল লিস গান ও স্তুতি কাশ্যপ ৫৬৫ পয়েন্ট নিয়ে ৩৪তম স্থানে এবং খেইথ ক্রুজ ও বৈষ্ণবী জয়সওয়াল সমান পয়েন্ট নিয়ে ৩৬তম স্থানে রয়েছেন।
ভারতীয় টেবিল টেনিসের এই সাফল্যকে “নতুন অধ্যায়ের সূচনা” বলে উল্লেখ করেছেন টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক কমলেশ মেহতা। তিনি বলেন, “সিন্ড্রেলা ও দিব্যাংশীর সাফল্য পরবর্তী প্রজন্মের জন্য নতুন মানদণ্ড স্থাপন করেছে।”
আগামী দিনে বুদাপেস্ট ও টোকিওতে অনুষ্ঠিতব্য বিশ্ব টেবিলটেনিস ইউথ কনটেন্ডার প্রতিযোগিতায় ভারতীয় মেয়েরা আরও সাফল্য অর্জনের লক্ষ্য নিয়েই নামবে। এই ধারাবাহিক উন্নতি ভারতের তরুণ টেবিল টেনিসের বিশ্বমানের উত্থানকে আরও দৃঢ় করছে।
