
এসএসকেএম ও উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে ধারাবাহিক অনাকাঙ্ক্ষিত ঘটনার পর রাজ্যের হাসপাতাল নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার দুপুরে মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে এক জরুরি বৈঠকে বসেন প্রশাসনের শীর্ষকর্তারা। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সব সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও সুপার, জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপাররা। কলকাতা পুলিশের কমিশনারকেও বৈঠকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল।
সূত্রের খবর, শুধু সরকারি নয়, বেসরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থাও পর্যালোচনা করা হবে। হাসপাতাল চত্বরে নজরদারি ও নিরাপত্তা জোরদার করতে নতুন নির্দেশিকা আনা হতে পারে। প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত সিসিটিভি, সিকিউরিটি গার্ড এবং জরুরি পরিস্থিতি সামলানোর প্রোটোকল নিয়ে আলোচনাও হয়েছে বলে জানা গিয়েছে।
সম্প্রতি এসএসকেএম মেডিক্যাল কলেজে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ এবং উলুবেড়িয়া মেডিক্যালে এক মহিলা চিকিৎসকের উপর হামলার ঘটনায় প্রশাসনে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে। ইতিমধ্যেই উলুবেড়িয়া ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং স্বাস্থ্য ভবন ওই ঘটনার রিপোর্টও চেয়ে পাঠিয়েছে।
নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিব হাসপাতালগুলিতে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি কর্মীদের মানসিক স্বাস্থ্য ও শৃঙ্খলা বজায় রাখার দিকেও গুরুত্ব দিতে বলেছেন। বিশেষ নজর দেওয়া হবে হাসপাতালের ভিজিটর কন্ট্রোল এবং ইমারজেন্সি ওয়ার্ডে প্রবেশের নিয়মে।
রাজ্য সরকারের মতে, হাসপাতাল হল জনগণের সেবার জায়গা সেখানে নিরাপত্তাহীনতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসনের এই বৈঠকের পর নতুন নিরাপত্তা নীতি কার্যকর হওয়ার সম্ভাবনা জোরদার হয়েছে।
