
উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি ঘিরে ফের বিতর্কে জড়ালেন আলিপুরদুয়ার বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। পূজো শেষে টানা বর্ষণে বানভাসি হয়ে পড়েছে উত্তরবঙ্গের একাধিক এলাকা। মাদারিহাট, ফালাকাটা, কালচিনি সহ বেশ কিছু অঞ্চলে জলবন্দি মানুষ এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। অভিযোগ, প্রশাসনের তরফে ত্রাণ সামগ্রী ঠিক মতো পৌঁছয়নি বহু গ্রামে, এমনকি কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রিপল পর্যন্ত পৌঁছায়নি।
এই পরিস্থিতি পরিদর্শন করতে শুক্রবার মাদারিহাট ব্লক অফিসে যান সাংসদ মনোজ টিগ্গা। সেখানে তিনি ব্লকের বিডিওর সঙ্গে দেখা করে ত্রাণ বন্টন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ, সেই সময় তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং বিডিওকে হুমকি দেন। ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
বিরোধী দলগুলির দাবি, নির্বাচনের মুখে এই ধরনের আচরণ একজন সাংসদের মর্যাদার পরিপন্থী। প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে পরিস্থিতি আরও জটিল করা হচ্ছে বলে অভিযোগ তাঁদের। অন্যদিকে, বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, সাংসদ কেবলমাত্র ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য দাবি তুলেছেন এবং প্রশাসনের ব্যর্থতা তুলে ধরেছেন।
ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনিক মহলে শুরু হয়েছে আলোচনা, অন্যদিকে জেলা পুলিশও বিষয়টি নিয়ে প্রাথমিক রিপোর্ট তলব করেছে বলে জানা গেছে। বন্যা-বিধ্বস্ত মাদারিহাটে এই নতুন বিতর্ক এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
