
কলকাতার পরিবহন পরিকাঠামোয় আসছে বড় পরিবর্তন। আগামী এক বছরের মধ্যেই শহরের মেট্রো রেল নেটওয়ার্কে যোগ হতে চলেছে আরও ১৯ কিলোমিটার নতুন ট্র্যাক। এতে মেট্রোর আওতা বাড়বে উল্লেখযোগ্যভাবে, যাত্রীদের জন্য খুলবে দ্রুত ও আরামদায়ক যাতায়াতের নতুন দিগন্ত।
বর্তমানে কলকাতার মেট্রো রেল ব্যবস্থার কার্যকরী দৈর্ঘ্য প্রায় ৭২ কিমি। রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, চলতি প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ হলে নেটওয়ার্ক ছুঁয়ে ফেলবে ১৩০ কিমি। নির্মাণাধীন রুটগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বেলেঘাটা থেকে বিমানবন্দর পর্যন্ত সংযোগ। এই অংশটি ২০২৬ সালের শেষ নাগাদ চালু করার লক্ষ্যে কাজ চলছে জোরকদমে।
এছাড়া অরেঞ্জ লাইন-এর কাজও দ্রুতগতিতে এগোচ্ছে। চিংড়িঘাটা ক্রসিংয়ের কাছে প্রায় ৩৬৬ মিটার দীর্ঘ একটি উড়ালসেতু তৈরি হচ্ছে, যা নভেম্বরের মধ্যেই সম্পূর্ণ করার লক্ষ্য স্থির করেছে মেট্রো কর্তৃপক্ষ। এই সংযোজনের ফলে শহরের পূর্বাঞ্চল, দক্ষিণ ও উত্তর কলকাতা এক সুসংহত মেট্রো নেটওয়ার্কের মধ্যে যুক্ত হবে।
বিশেষজ্ঞদের মতে, এই সম্প্রসারণ কেবল শহরের যোগাযোগ ব্যবস্থা মজবুত করবে না, বরং প্রতিদিনের অফিসযাত্রী ও বিমানবন্দরগামী যাত্রীদেরও ব্যাপক সুবিধা দেবে। বর্তমানে নির্মাণাধীন ৫৭ কিমির মধ্যে প্রায় ২৯ কিমি কাজ শেষ পর্যায়ে, এবং আগামী বছরেই তার বেশিরভাগই যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পরিকাঠামোগত উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে, ২০২6 সালের মধ্যে কলকাতার মেট্রো রেল হবে দেশের অন্যতম বৃহত্তম ও আধুনিক নেটওয়ার্ক। শহরের যাতায়াত মানচিত্রে আসবে এক নতুন যুগের সূচনা।
