
বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যজুড়ে জমে উঠেছে ভোটের উৎসব। সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলছে ১২১টি আসনে, বিকেল ৫টা পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। সর্বত্র কড়া নিরাপত্তা, এখনও পর্যন্ত বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
রাজ্যের নানা প্রান্তে ভোটারদের উৎসাহ চোখে পড়ার মতো। বুথে দীর্ঘ লাইন, সকালের ঠান্ডা হাওয়া উপেক্ষা করে মানুষ পৌঁছে যাচ্ছেন ভোট দিতে। এরই মাঝে নজর কাড়ল বৈশালী জেলার এক মানবিক দৃশ্য। এক বৃদ্ধা ভোট দিতে অক্ষম হওয়ায় তাঁকে কোলে করে বুথে নিয়ে এলেন এক ব্যক্তি। গণতন্ত্রে আস্থা রাখা এই ছবি ছড়িয়ে পড়েছে সর্বত্র। একই রকম দৃশ্য দেখা গিয়েছে তারাপুরেও লাঠির ভর দিয়ে এক প্রবীণ মহিলা বুথে পৌঁছতেই নিরাপত্তারক্ষীরা এগিয়ে এসে তাঁকে সাহায্য করেন।
এই প্রবীণ ভোটারদের উপস্থিতি যেন বিহারের নির্বাচনে নতুন বার্তা দিয়েছে প্রতিটি ভোটই মূল্যবান। প্রথম দফায় ৩.৭৫ কোটি ভোটার ঠিক করছেন ১,৩১৪ জন প্রার্থীর ভাগ্য। ভোট হচ্ছে ৪৫ হাজারেরও বেশি বুথে, যার বেশিরভাগই গ্রামীণ এলাকায়। তেজস্বী যাদব, সম্রাট চৌধুরির মতো বিশিষ্ট প্রার্থীদের ভাগ্যও আজ ভোটবাক্সে বন্দি।
দারভাঙ্গায় বিজেপি প্রার্থী মৈথিলী ঠাকুর ভোট দেওয়ার আগে মন্দিরে প্রার্থনা করে ভোট দেন। মাত্র ২৫ বছর বয়সে তিনিই এবারের সবচেয়ে কমবয়সি প্রার্থী। রাজ্যজুড়ে তরুণ প্রার্থী থেকে প্রবীণ ভোটার সবার মিলিত অংশগ্রহণে আজ বিহার যেন সত্যিকারের গণতন্ত্রের উৎসবমুখর রাজ্য।
প্রথম দফার ভোটে অংশ নেওয়া মানুষের উদ্দীপনা এবং কর্তব্যবোধই এই নির্বাচনের সবচেয়ে উজ্জ্বল দিক, যা গোটা দেশকে মনে করিয়ে দিল একটি ভোটও অমূল্য।
