
রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়া শুরু হওয়ার পর জোরকদমে চলছে বাড়ি বাড়ি অভিযান। বুথ লেভেল অফিসার বা বিএলও-রা ভোটারদের হাতে পৌঁছে দিচ্ছেন এনুমারেশন ফর্ম এবং তা পূরণ করাতে সহায়তা করছেন। এবার যাঁরা কর্মসূত্রে রাজ্যের বাইরে বা বিএলও-র সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন না, তাঁদের সুবিধার জন্য চালু হয়েছে অনলাইন ফর্ম পূরণের ব্যবস্থা।
রাজ্যের মুখ্য নির্বাচনী দফতরের ওয়েবসাইট https://ceowestbengal.wb.gov.in/ এবং ইসিআইনেট (ECI-Net) অ্যাপে পাওয়া যাচ্ছে অনলাইন এনুমারেশন ফর্ম। ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট নির্দেশিকা মেনে ফর্ম পূরণ ও আপলোড করা যাবে। প্রযুক্তিগত সমস্যার কারণে শুরুর দিন এই পরিষেবা চালু না হলেও এখন তা সক্রিয় করা হয়েছে।
রাজ্যজুড়ে প্রায় ৮০ হাজারেরও বেশি বিএলও মাঠে নেমে কাজ করছেন, সঙ্গে রয়েছেন ১৪ হাজার অতিরিক্ত কর্মী। মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ভোটারদের হাতে পৌঁছবে প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ এনুমারেশন ফর্ম। কমিশন জানিয়েছে, প্রতিটি এলাকায় অন্তত একাধিকবার গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করবেন বিএলও-রা। কেউ না থাকলে তাঁরা তিন থেকে চারবার পর্যন্ত চেষ্টা করবেন।
পুরো প্রক্রিয়া শেষ হলে ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। যাঁরা ফর্ম পূরণ করেছেন, তাঁদের নাম সেই তালিকায় অন্তর্ভুক্ত হবে। তবে যাঁদের তথ্য পুরনো তালিকার সঙ্গে মিলছে না, তাঁদের যাচাইয়ের জন্য ডাকা হবে। এতে নথিপত্র দেখানোর প্রয়োজন হতে পারে। ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।
