
কলকাতা হাই কোর্ট কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে, পশ্চিমবঙ্গে দ্রুত ১০০ দিনের কাজের প্রকল্প চালু করতে হবে। বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানিয়েছে, রাজ্যের পাওনা অর্থ বকেয়া রয়েছে, সে বিষয়ে কেন্দ্রকে বিস্তারিত হলফনামা জমা দিতে হবে। আগামী এক মাস পরে এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।
দীর্ঘ তিন বছর ধরে রাজ্যে ১০০ দিনের কাজ বন্ধ থাকায় রাজ্যের শ্রমজীবী মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করেছে, কেন্দ্র রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখে সাধারণ মানুষের রোজগার বন্ধ করে দিয়েছে। অপরদিকে বিজেপির দাবি, প্রকল্পে দুর্নীতি হয়েছে, প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হয়েছেন। সেই কারণেই কেন্দ্র তহবিল স্থগিত করেছে।
এর আগে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল ১ অগস্ট থেকে কাজ শুরু করতে, কিন্তু কেন্দ্র সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়। শীর্ষ আদালত মামলা খারিজ করার পর বিষয়টি ফের হাই কোর্টে আসে। আদালত জানায়, প্রকল্পটি জনস্বার্থের সঙ্গে যুক্ত এবং সরাসরি শ্রমিকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায়, তাই কাজ বন্ধ রাখা যুক্তিযুক্ত নয়।
২০২১ সালের ডিসেম্বর থেকে শ্রমিকদের মজুরি দেওয়া বন্ধ রয়েছে। রাজ্যের খেতমজুর সংগঠন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৃথক মামলা দায়ের করেন এই বিষয়টি নিয়ে। আদালত মনে করেছে, কেন্দ্র যদি দুর্নীতির অভিযোগ তদন্ত করতে চায়, তা করতে পারে, কিন্তু জনগণের জীবিকা বন্ধ রাখা সংবিধানবিরুদ্ধ। তাই হাই কোর্টের সাফ নির্দেশ যত দ্রুত সম্ভব বাংলায় ফের চালু করতে হবে ১০০ দিনের কাজ।
