
হরিয়ানার ভোটে দেখা গেছে অবিশ্বাস্য এক ঘটনা। ব্রাজিলের বাসিন্দা লারিসা নেরির পুরনো ছবি ব্যবহার করে তৈরি হয়েছে একাধিক ভোটার কার্ড। অভিযোগ, তাঁর ছবিতে অন্তত ১০টি বুথে ২২ বার ভোট পড়েছে। অথচ লারিসা নিজে এসবের কিছুই জানতেন না। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি ভাইরাল হতে দেখেই বিষয়টি জানতে পারেন তিনি।
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের বাসিন্দা লারিসা পেশায় একজন হেয়ারড্রেসার, চালান Belo Horizonte-র একটি স্যালোঁ। মডেল হিসেবে কখনও কাজ করেননি তিনি। যে ছবিটি হরিয়ানার ভোটার কার্ডে ব্যবহৃত হয়েছে, তা ২০১৭ সালে তোলা হয়েছিল একজন ফটোগ্রাফারের মাধ্যমে এবং পরে তা আপলোড হয় ফ্রি ফটো ওয়েবসাইট Unsplash-এ। সেখান থেকেই ছবিটি ব্যবহৃত হয়েছে বলে ধারণা।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী হরিয়ানার ভোট কারচুপির প্রমাণ হিসেবে এই ছবিগুলি তুলে ধরেন সংবাদমাধ্যমে। দাবি করেন, একই ছবিতে তৈরি হয়েছে বহু ভোটার কার্ড, শুধু নাম পরিবর্তন করা হয়েছে। কোথাও ‘সুইটি’, কোথাও ‘সীমা’, কোথাও ‘বিমলা’ নামে ভোট পড়েছে। তিনি সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন, ভোটার তালিকার ডেটা সেন্ট্রাল সার্ভার থেকে আপলোড হয়েছে।
লারিসা জানান, তাঁর ছবি কীভাবে ভারতে পৌঁছল তা তিনি বুঝে উঠতে পারছেন না। হঠাৎ করে বিভিন্ন দেশ থেকে যোগাযোগ আসতে শুরু করায় তিনি বিব্রত বোধ করেন এবং শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করেন।
অন্যদিকে, নির্বাচন কমিশনের দাবি, হরিয়ানার ভোটার তালিকা নিয়ে কোনও আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। কেবলমাত্র ২২টি মামলাই বর্তমানে হাইকোর্টে রয়েছে। তবে এই ঘটনায় ভোটার তথ্য নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে দেশজুড়ে।
