
হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত চক়্পাড়া এলাকায় এক তৃণমূল নেতার বাড়িতে পরপর চারটি বোমা বিস্ফোরণের ঘটনায় গভীর রাতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, রবিবার রাত আনুমানিক ১০:৩৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, এই বিস্ফোরণের নেপথ্যে রয়েছে শাসক দলের গোষ্ঠীগত বিবাদ বা অভ্যন্তরীণ কোন্দল।
বোমা বিস্ফোরণের তীব্র শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে এবং আতঙ্কে মানুষজন ঘর থেকে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খুব অল্প সময়ের ব্যবধানে পরপর চারটি বিস্ফোরণ হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় লিলুয়া থানার পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা। এলাকাটিকে ঘিরে রাখা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তবে, এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট জানা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে চাপা উত্তেজনা ছিল। তাঁদের অনুমান, সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই নাশকতার ঘটনা ঘটেছে। এই ঘটনায় চক়্পাড়া এলাকায় চরম ভীতি ও উত্তেজনা বিরাজ করছে। কে বা কারা এই হামলার পিছনে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এই বোমা বিস্ফোরণের ঘটনা ফের একবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিল।
