
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দায়িত্ব গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে রাজভবনে এবার নেওয়া হয়েছে এক মানবিক ও অভিনব পদক্ষেপ। আগামী ২৩ নভেম্বর রাজভবনের প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে গণবিবাহ অনুষ্ঠান, যেখানে ১০০ জন দুঃস্থ যুবক-যুবতীর বিবাহ সম্পন্ন করা হবে রাজভবনের আয়োজনে।
ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন গ্রহণের প্রক্রিয়া, যা চলবে ১৬ নভেম্বর পর্যন্ত। স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের আওতায় না পড়া বিবাহযোগ্য যুগলদের অভিভাবকেরা আবেদন করতে পারবেন নির্ধারিত নিয়মে। আবেদনপত্রে বর-কনের নাম, ঠিকানা, পেশা, বয়সের প্রমাণ, আধার নম্বর ও পরিবারের বাৎসরিক আয়ের মতো তথ্য দিতে হবে। পাশাপাশি জমা দিতে হবে গেজেটেড অফিসার বা প্রশাসনিক আধিকারিকের দেওয়া সত্যতা যাচাই সার্টিফিকেটও।
রাজভবনের তরফে জানানো হয়েছে, বিবাহের আয়োজন ও সমস্ত ব্যয়ভার রাজভবনই বহন করবে। অংশগ্রহণকারী প্রতিটি যুগলকে প্রতীকী উপহার দেওয়া হবে এবং তাঁদের সঙ্গে সর্বাধিক ১০ জন আত্মীয়স্বজন উপস্থিত থাকতে পারবেন।
আবেদনপত্র জমা দেওয়া যাবে তিনটি ইমেল আইডিতে— peaceroomrajbhavan@gmail.com, generalcellgs@gmail.com এবং specialcellgs@gmail.com — অথবা ডাকযোগে কিংবা সরাসরি রাজভবনে গিয়েও আবেদন করা যাবে।
রাজভবনে এর আগে বহু সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও গণবিবাহ এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যপালের এই উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবকল্যাণের বার্তা পৌঁছে দিতে চায়। দুঃস্থ পরিবারের সন্তানদের জীবনে নতুন সূচনা ঘটাতে এই গণবিবাহ রাজ্যের ইতিহাসে নজির গড়বে বলেই মনে করছেন অনেকে।
