
শিলিগুড়ি পেতে চলেছে উত্তরবঙ্গের প্রথম একান্ত ক্রিকেট স্টেডিয়াম, যার নাম হবে শহরের গর্ব রিচা ঘোষের নামে। সোমবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন এই উদ্যোগের কথা। চাঁদমুনি চা-বাগানের প্রায় ২৭ একর জমিতে তৈরি হবে আধুনিক এই ক্রিকেট স্টেডিয়াম।
বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম তারকা রিচা ঘোষ সম্প্রতি শিলিগুড়িতে ফিরলে তাঁকে সংবর্ধনা জানায় শহরবাসী। এরপর কলকাতার ইডেন গার্ডেনেও রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁকে সম্মানিত করা হয়। রিচাকে ইতিমধ্যেই রাজ্য পুলিশের সান্মানিক ডিএসপি পদে নিযুক্ত করেছে রাজ্য সরকার। এবার তাঁর নামেই হতে চলেছে নতুন স্টেডিয়াম যা নিঃসন্দেহে উত্তরবঙ্গের ক্রীড়া পরিকাঠামোয় এক বড় সংযোজন।
বাম আমলে নির্মিত কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বিভিন্ন ধরনের খেলা হলেও, ক্রিকেটের জন্য আলাদা কোনও পূর্ণাঙ্গ স্টেডিয়াম এতদিন ছিল না। নতুন এই উদ্যোগের ফলে উত্তরবঙ্গের তরুণ প্রজন্মের ক্রিকেটাররা উন্নত সুযোগ-সুবিধা পাবে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।
রিচা ঘোষ মাত্র ২২ বছর বয়সেই বিশ্বকাপজয়ী দলের অন্যতম মুখ। তাঁর ব্যাটিং দক্ষতা শুধু শিলিগুড়ি নয়, গোটা দেশকেই গর্বিত করেছে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শহরজুড়ে আনন্দের সঞ্চার করেছে। স্থানীয় ক্রীড়া মহলে মনে করা হচ্ছে, এই স্টেডিয়াম ভবিষ্যতের প্রতিভাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
এছাড়া মুখ্যমন্ত্রী আরও জানান, মহাকাল মন্দির নির্মাণের জন্য ১৭ একর জমি বরাদ্দ করা হয়েছে এবং দ্রুত নির্মাণকাজ শুরু হবে। রিচার নামে স্টেডিয়াম তৈরির এই সিদ্ধান্তে উত্তরবঙ্গের খেলাধুলায় নতুন ইতিহাস রচিত হতে চলেছে একজন তরুণী ক্রিকেটারের সাফল্যের স্বীকৃতি হিসেবে যা অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
