
কলকাতা হাই কোর্টে শিক্ষক নিয়োগ সংক্রান্ত SSC মামলার শুনানিতে বুধবার অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি চলাকালীন আবেদনকারীদের একাংশ হঠাৎ হাততালি দিতে শুরু করলে আদালতের শৃঙ্খলা ভেঙে পড়ে। পরিস্থিতিতে ক্ষুব্ধ বিচারপতি সাধারণ মক্কেলদের এজলাস থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। কয়েক মিনিটের মধ্যে আদালত কক্ষ ফাঁকা হয়ে যায়।
নবম–দশম ও একাদশ–দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয় ৭ নভেম্বর। প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগে বহু প্রার্থী আদালতের দ্বারস্থ হন। সেই মামলারই শুনানি চলছিল বিচারপতি সিনহার বেঞ্চে। শুনানির মাঝপথেই হাততালি দেওয়া শুরু হলে আদালতের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
এই সময় আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতের সামনে মোবাইল ফোনে একটি হোয়াটসঅ্যাপ বার্তা দেখান। তাঁর বক্তব্য, গ্যালারিতে ভিড় ও হাততালির পিছনে পূর্ব নির্দেশ ছিল। কিছু মানুষকে আগে থেকেই আদালতে ভিড় তৈরি রাখতে বলা হয়েছিল বলে দাবি করা হয়। এতে আদালতের উপর পরোক্ষে চাপ সৃষ্টি করার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ উঠে।
অভিযোগ শুনে বিচারপতি জানান, এ ধরনের পদ্ধতিতে আদালতকে প্রভাবিত করা সম্ভব নয়। তিনি স্পষ্ট নির্দেশ দেন যে ভবিষ্যতে যেসব মামলার প্রভাব সাধারণ মানুষের উপর সরাসরি পড়ে, সেসব শুনানিতে সাধারণ মক্কেলদের আর এজলাসে ঢুকতে দেওয়া হবে না। গুরুত্বপূর্ণ মামলাগুলির শুনানি যেহেতু লাইভ সম্প্রচার করা হয়, তাই আগ্রহীদের সেই লাইভ দেখাই যথেষ্ট বলে আদালত মত প্রকাশ করে।
ঘটনার জেরে আদালতে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আদালত কক্ষে অযথা ভিড় ও আবেগঘন পরিবেশ নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা নেওয়ার পক্ষেই আইনজীবী মহলের একাংশ মত দিয়েছে।
