
ইমরান খানকে ঘিরে মৃত্যু-জল্পনায় সরগরম পাকিস্তান। প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি। গত কয়েক দিন ধরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তিনি অসুস্থ বা জেলেই মারা গেছেন পিটিআইয়ের কিছু নেতা ও ‘আফগান টাইমস’-এর দাবি জল্পনাকে আরও উসকে দেয়। এর মধ্যেই পরিস্থিতি পরিষ্কার করতে বিবৃতি দেয় আদিয়ালা জেল কর্তৃপক্ষ।
বিবৃতিতে সরাসরি বলা হয়েছে, ইমরানের স্বাস্থ্য নিয়ে ছড়ানো খবর ভিত্তিহীন। তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই দাবিও সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে জেল প্রশাসন। কর্তৃপক্ষের দাবি, ইমরান খান সুস্থ আছেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা পাচ্ছেন।
পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফও জানিয়েছেন, ইমরান জেলে বিশেষ সুবিধা পাচ্ছেন। তাঁর কথায়, ইমরানের জন্য এমন মানের খাবার আসে যা পাঁচতারা হোটেলেও পাওয়া কঠিন। জেলে টেলিভিশন দেখার সুযোগও রয়েছে তাঁর। আসিফ নিজে জেলজীবনের কঠোর অভিজ্ঞতার কথা তুলে ধরে ইমরানের “আরামদায়ক বন্দিত্বের” প্রসঙ্গ তোলেন চওড়া খাট, পশমের কম্বল, উষ্ণ পরিবেশ সবই নাকি দেওয়া হচ্ছে তাঁকে।
এদিকে, ইমরানের সঙ্গে দেখা করতে না পাওয়ায় ক্ষোভ বাড়ছে তাঁর পরিবার ও দলের মধ্যে। গত ১৯ নভেম্বর ইমরানের তিন বোন আলিমা, উজ়মা ও নুরা জেলে দেখা করতে গেলে পুলিশি বাধার মুখে পড়েন। ধর্নায় বসলে শারীরিক হেনস্থার অভিযোগও ওঠে। এরপর পিটিআই নেতারাও ব্যর্থ হন সাক্ষাৎ করতে। সেখান থেকেই জন্ম নেয় মৃত্যুজল্পনার স্রোত।
২০২৩ সাল থেকে একাধিক দুর্নীতির মামলায় ইমরান বন্দি। চলতি বছরে আল কাদির ট্রাস্ট মামলায় তাঁর ১৪ বছরের সাজা হয়। স্ত্রী বুশরা বিবিকেও একই মামলায় দণ্ডিত করা হয়েছে। নিয়ম অনুযায়ী, সপ্তাহে একবার সাক্ষাতের অনুমতি থাকলেও বর্তমান সরকার সেই বিধি মানছে না বলে অভিযোগ বিরোধীদের। জেল কর্তৃপক্ষ অবশ্য পরিস্থিতি “নিয়মমাফিক” বলেই দাবি করেছে।
