
নাসার পারসিভেরান্স রোভার আবারও লালগ্রহ সম্পর্কে বিস্ময়কর তথ্য পাঠিয়েছে। সাম্প্রতিক পর্যবেক্ষণে রোভারটি মঙ্গলের বায়ুমণ্ডলে বৈদ্যুতিক কার্যকলাপের স্পষ্ট প্রমাণ পেয়েছে। এর ফলে বিজ্ঞানীদের ধারণা, মঙ্গলকে ঘিরে যে কৌতূহল বছরের পর বছর ধরে জমে আছে, তা আরও গভীর হতে চলেছে। রোভারটি মঙ্গলে ক্ষুদ্র বৈদ্যুতিক ডিসচার্জ বা মিনি-লাইটনিং শনাক্ত করেছে, যা সাধারণত ‘ডাস্ট ডেভিল’ নামে পরিচিত ধূলিঝড়ের সঙ্গে যুক্ত থাকে।
২০২১ সাল থেকে জেজেরো ক্রেটার অঞ্চলে তল্লাশি চালাচ্ছে ছয় চাকার এই রোভার। রোভারের সুপারক্যাম যন্ত্রের অডিও ও ইলেক্ট্রোম্যাগনেটিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মঙ্গলের পাতলা বায়ুমণ্ডলে বৈদ্যুতিক ডিসচার্জ সত্যিই ঘটে। এটি এখন পর্যন্ত গ্রহটিতে এই ধরনের কার্যকলাপের প্রথম নথিভুক্ত প্রমাণ। বিজ্ঞানীরা মনে করছেন, এই বৈদ্যুতিক চার্জ ধূলিকণা পরিবহনে প্রভাব ফেলতে পারে, যা মঙ্গলের জলবায়ুর একটি মূল প্রক্রিয়া। সেই সঙ্গে এটি ভবিষ্যতে মানব মিশন, রোবটিক অনুসন্ধান এবং আবহাওয়া বিশ্লেষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিভিন্ন গবেষকের মতে, এই আবিষ্কার মঙ্গলের বায়ুমণ্ডল কতটা সক্রিয় এবং পরিবর্তনশীল তা বোঝার ক্ষেত্রে নতুন দিশা দেখাবে। ধূলিঝড়ের সময় তৈরি হওয়া ক্ষুদ্র বৈদ্যুতিক ক্ষেত্র মঙ্গলের রাসায়নিক গঠন এবং সম্ভবত কোনওদিন জীবনের সম্ভাবনা তৈরি হওয়ার পরিবেশ কতটা প্রভাবিত করেছে, তাও এখন নতুনভাবে ভাবতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে মঙ্গলে মানব বসতি স্থাপনের পরিকল্পনায় এই বৈদ্যুতিক কার্যকলাপ কী ধরনের প্রযুক্তিগত প্রস্তুতি দাবি করবে, সেটিও বিজ্ঞানীদের সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে।
মঙ্গলের আবহাওয়া, ভূগঠন, বাসযোগ্যতার সম্ভাবনা এবং ভবিষ্যৎ মহাকাশ অভিযানের খুঁটিনাটি বোঝার জন্য এই আবিষ্কারকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
