
কাতারের মাটিতে নতুন ইতিহাস রচল রোনাল্ডোর দেশ পর্তুগাল। প্রথমবারের মতো ফুটবলে কোনও বিশ্বকাপ জিতল পর্তুগাল, আর সেই সোনালি অধ্যায়ের সূচনা করল অনূর্ধ্ব-১৭ দল। ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরে নিল ছোটরা। দেশের সিনিয়র দলের আইকনিক তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও যে ট্রফি দেশকে এনে দিতে পারেননি, সেই স্বপ্ন এবার বাস্তব করল ভবিষ্যৎ তারকারা।
এবারের টুর্নামেন্টে পর্তুগালের যাত্রা ছিল রোমাঞ্চে ভরা। গ্রুপ পর্বে জাপানের কাছে হেরে গেলেও বাকি সব ম্যাচে দুর্দান্ত আধিপত্য দেখিয়েছে তারা। প্রথম ম্যাচে উত্তর ক্যালিডোনিয়াকে ৬-১ এবং দ্বিতীয় ম্যাচে মরক্কোকে ৬-০ উড়িয়ে দেয় পর্তুগাল। নকআউটে বেলজিয়ামকে ২-১, মেক্সিকোকে ৫-০ হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পায় কুইন্টাসেরা। কোয়ার্টারে সুইৎজারল্যান্ডকে ২-০ চেপে ধরার পর সেমিফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে জমে ওঠে তীব্র লড়াই। টাইব্রেকারে জয় নিয়ে ফাইনালের টিকিট কেটে নেয় তারা।
ফাইনালে অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের গতি ছিল টানটান। আক্রমণ-প্রতি-আক্রমণে ভরপুর ম্যাচে পর্তুগালকে জয় এনে দেয় একমাত্র গোলটি। অনূর্ধ্ব-১৭ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জয়ের পর বিশ্বকাপ জয়ে বছরের দ্বিতীয় বড় সাফল্য পেল পর্তুগাল যুবদল।
২০০৩ সালের পর এত দিন পরে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা দেশটি প্রথমবারেই ছিনিয়ে নিল শিরোপা। এই ঐতিহাসিক অর্জনে উচ্ছ্বসিত রোনাল্ডোও। সমাজমাধ্যমে বিশ্বজয়ী দলের ছবি পোস্ট করে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘পর্তুগালের ভবিষ্যৎ উজ্জ্বল।’
কাতারের মাঠে মেসির বিশ্বজয়ের স্মৃতি এখনও তাজা। তার ঠিক তিন বছর পর সেখানেই পর্তুগালের ঝুলিতে এল জুনিয়র বিশ্বকাপ। আর এই ট্রফিই আগামী দিনের পর্তুগিজ ফুটবলের আত্মবিশ্বাসকে আরও উজ্জ্বল করে তুলল।
