
ভোটার তালিকা আরও নিখুঁত করতে বিশেষ উদ্যোগ নিল নির্বাচন কমিশন। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগেই দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলমান স্পেশাল সামারি রিভিশন (SIR) প্রক্রিয়ায় রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের (BLA) হাতে সরাসরি তুলে দেওয়া হবে বুথভিত্তিক ASD তালিকা। এই তালিকায় রয়েছেন সেইসব ভোটার যারা অনুপস্থিত, অন্যত্র স্থানান্তরিত হয়েছেন, মৃত হিসেবে চিহ্নিত অথবা ডুপ্লিকেট ভোটার হিসেবে ধরা পড়েছেন।
কমিশনের নির্দেশ অনুযায়ী, যেসব ভোটারের সঙ্গে BLO–রা তিনবার বা তার বেশি যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি, তাঁদের নামও থাকবে এই ASD তালিকায়। অর্থাৎ বুথে সম্ভাব্য সন্দেহজনক বা অপ্রাসঙ্গিক ভোটারের তথ্য এবার রাজনৈতিক দলগুলির সামনেই খোলা থাকবে। কমিশনের বক্তব্য, এতে ভোটার তালিকার স্বচ্ছতা ও নির্ভুলতা বহুগুণে বাড়বে।
এই প্রক্রিয়ায় ১২টি রাজ্যের প্রায় ৫ লক্ষ BLO সরাসরি বৈঠকে বসবেন প্রায় ১২ লক্ষ BLA–র সঙ্গে। বুথে বুথে বৈঠক করে তাঁরা BLA–দের হাতে ASD তালিকা তুলে দেবেন। ফলে একদিকে BLO–দের যাচাইয়ের কাজ সহজ হবে, অন্যদিকে রাজনৈতিক দলগুলিও স্পষ্ট ধারণা পাবে কোন বুথে কতজন অনুপস্থিত বা মৃত ভোটার রয়ে গিয়েছেন।
কমিশন জানিয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রতিটি বুথ, বিধানসভা এমনকি জেলার ASD তালিকা পাওয়া যাবে জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটে এবং প্রতিটি রাজ্যের CEO–র সাইটে। এমনকি ভোটারের EPIC নম্বর দিয়েও দেখা যাবে ASD তথ্য।
ওয়াকিবহাল মহলের মতে, ভোটার তালিকা সংস্কার এবং ভুয়ো ভোটার নির্মূলের ক্ষেত্রে এটি এক নজিরবিহীন ও স্বচ্ছতামূলক উদ্যোগ। দেশের ভোটিং প্রক্রিয়ায় এটি বড় পরিবর্তনের ইঙ্গিত বলেও অনেকে মনে করছেন।
