
কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলার ছবি সামনে এল শনিবার। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কাটা দর্শকদের একাংশ মেসিকে এক ঝলকও দেখতে না পেরে ক্ষোভে ফেটে পড়েন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে গ্যালারি থেকে মাঠের দিকে বোতল ছোড়া শুরু হয়, ভাঙচুরের ঘটনাও ঘটে।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আয়োজকদের বিরুদ্ধে সরাসরি আঙুল তুলে তিনি বলেন, “এটা শুধুই টাকা আর ব্যবসার খেলা হয়ে গেল। ন্যূনতম পরিকল্পনার ছাপ ছিল না।” কুণালের প্রশ্ন, কেন মেসিকে ঘিরে এত হ্যাংলামি তৈরি হল, কেন স্টেডিয়াম পরিক্রমার সময় তাঁকে আলাদা ও সুরক্ষিতভাবে এগিয়ে রাখা হল না, আর কেন সাধারণ দর্শকরা বঞ্চিত হলেন।
উল্লেখ্য, আয়োজক শতদ্রু দত্ত জানিয়েছিলেন, শনিবার সকাল ১১টা থেকে যুবভারতীতে উপস্থিত থাকবেন মেসি এবং মাঠ পরিক্রমা করবেন। এমনকী অভিনেতা শাহরুখ খানের উপস্থিতির কথাও শোনা গিয়েছিল। মেসি সময়মতো স্টেডিয়ামে পৌঁছলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। চার মাস আগে টিকিট কাটা দর্শক থেকে শুরু করে ভোররাত থেকে অপেক্ষায় থাকা ভক্ত সকলেরই একই অভিযোগ, প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে কিছুই দেখা যায়নি।
সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ আরও লেখেন, “কয়েকজনের আদিখ্যেতা আর আত্মপ্রচারের জন্য পুরো অনুষ্ঠান ভেস্তে গেল। এটা মেসিকে দেখা নয়, নিজেদের জাহির করার প্রতিযোগিতা ছিল।” তিনি স্মরণ করিয়ে দেন, ২০১১ সালে এই যুবভারতীতেই মেসি খেলেছিলেন, তখন এমন কোনও বিশৃঙ্খলা হয়নি। এই ঘটনাকে কলকাতার জন্য লজ্জাজনক বলেই মন্তব্য করেন কুণাল ঘোষ।
