
ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হল বুধবার সকালে। সামান্য ৯০ সেকেন্ডের বিলম্ব হলেও সফলভাবে উৎক্ষেপণ করা হল ইসরোর সবচেয়ে শক্তিশালী রকেট LVM3, যার ডাকনাম ‘বাহুবলী’। এই রকেটের মাধ্যমেই মহাকাশে পাঠানো হয়েছে মার্কিন সংস্থা AST SpaceMobile-এর অত্যাধুনিক কমিউনিকেশন স্যাটেলাইট BlueBird 6।
প্রথমে উৎক্ষেপণের সময় নির্ধারিত ছিল সকাল ৮টা ৫৪ মিনিটে। তবে শেষ মুহূর্তে সম্ভাব্য মহাকাশ সংঘর্ষের ঝুঁকি ধরা পড়ায় সময় বদল করে ৮টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে উৎক্ষেপণের সিদ্ধান্ত নেয় ISRO। সংস্থার তরফে জানানো হয়, উৎক্ষেপণ পথের কাছাকাছি থাকা অন্য স্যাটেলাইট ও মহাকাশের জঞ্জালের সঙ্গে সম্ভাব্য ‘কনজাংশন’ এড়াতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। বর্তমানে লো আর্থ অরবিটে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বাড়ায় এই ধরনের ঝুঁকিও বেড়েছে বলে মত গবেষকদের।
BlueBird 6 হল ভারতের রকেট দিয়ে উৎক্ষেপিত সবচেয়ে ভারী স্যাটেলাইট। এর ওজন প্রায় ৬,১০০ কেজি। ISRO-র চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, এর আগে ভারতীয় মাটি থেকে এত ভারী স্যাটেলাইট কখনও উৎক্ষেপণ হয়নি। প্রায় ৪৩.৫ মিটার উচ্চতা ও ৬৪০ টন ওজনের LVM3 রকেট এই মিশনের জন্যই বিশেষভাবে উপযুক্ত। উল্লেখযোগ্য বিষয়, এই রকেট আগের সাতটি উৎক্ষেপণেই শতভাগ সফল, যার মধ্যে চন্দ্রযান-৩-এর ঐতিহাসিক মিশনও রয়েছে।
এই মিশনটি LVM3-M6 নামে পরিচিত এবং এটি রকেটটির অষ্টম উড়ান ও তৃতীয় বাণিজ্যিক উৎক্ষেপণ। এর মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ বাজারে ভারতের গুরুত্ব আরও একধাপ বেড়েছে। BlueBird 6-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর বিশাল অ্যান্টেনা, যা সরাসরি সাধারণ স্মার্টফোনে সিগন্যাল পাঠাতে সক্ষম। ভবিষ্যতে নীতি অনুমোদন মিললে মহাকাশ থেকেই ইন্টারনেট পরিষেবার নতুন যুগ শুরু হতে পারে।
