
পুরুলিয়া পৌরসভার সদ্য প্রাক্তন পৌরপ্রধান ও তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার নবেন্দু মাহালির উপর অতর্কিত হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল শহরজুড়ে। মঙ্গলবার নিজের বাড়ির অফিস কার্যালয়ে কাজের মধ্যেই তাঁর উপর আচমকা হামলা চালায় এক স্থানীয় যুবক। সংবাদমাধ্যমকে নবেন্দু মাহালি জানান, কোনও পূর্বাভাস ছাড়াই হামলাকারী তাঁর উপর চড়াও হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম শুভ কালিন্দী। সে পুরুলিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগ, হাতে একটি মোটা লাঠি নিয়ে অফিসে ঢুকে নবেন্দু মাহালির উপর এলোপাথাড়ি আঘাত করে শুভ। হামলায় গুরুতরভাবে জখম হন তিনি। ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুরুলিয়া সদর থানার পুলিশ। অভিযুক্ত শুভ কালিন্দীকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এই হামলা, এর পিছনে কোনও ব্যক্তিগত আক্রোশ না কি রাজনৈতিক বিরোধ রয়েছে—তা খতিয়ে দেখছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
