
বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে এ রাজ্যের হাওড়ায় তীব্র বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার হাওড়া সদর বিজেপির উদ্যোগে এই প্রতিবাদে অংশ নেন দলের কর্মী-সমর্থকরা। গোলমোহর এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে হাওড়া ব্রিজের দিকে অগ্রসর হয়। মিছিলে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা এবং দোষীদের শাস্তির দাবি তোলেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগেভাগেই তৎপর হয় হাওড়া সিটি পুলিশ। হাওড়া ব্রিজে ওঠার মুখে গোলাবাড়ি থানার পক্ষ থেকে লোহার ব্যারিকেড বসানো হয়, যাতে আন্দোলনকারীরা ব্রিজের দিকে এগোতে না পারেন। পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয় নিরাপত্তার স্বার্থে।
মিছিল ব্যারিকেডের সামনে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ধুন্ধুমার আকার নেয়। পুলিশ আন্দোলনকারীদের আটকাতে কঠোর অবস্থান নেয়, ফলে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা থাকলেও বড় কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়।
