
কেন্দ্রে টানা তিনবার ক্ষমতায় থাকা বিজেপি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরই নজর রেখেছে ভবিষ্যতের দিকে। রবিবার আমদাবাদের এক জনসভা থেকে ২০২৯ সালের লোকসভা নির্বাচন নিয়েও বড় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর কথায়, “২০২৯ সালেও বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে।” একই সঙ্গে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।
অমিত শাহ জানান, লোকসভায় এক আলোচনার সময় রাহুল গান্ধী তাঁকে প্রশ্ন করেছিলেন কংগ্রেস কেন বারবার নির্বাচনে হেরে যাচ্ছে। সেই প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, “এই সাধারণ বিষয়টা রাহুলের বোঝার বাইরে। ওঁকে বোঝানোর ক্ষমতা সত্যিই আমার নেই।” শাহের দাবি, জনগণের ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নিলে ভোটে জেতা যায় না, আর কংগ্রেস ঠিক সেটাই করে চলেছে।
বিজেপি সরকারের একাধিক বড় সিদ্ধান্তের তালিকা তুলে ধরে শাহ বলেন, রাম মন্দির নির্মাণ, জঙ্গিদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ, অভিন্ন দেওয়ানি বিধি, তিন তালাক বিরোধী আইন এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান এই প্রতিটি ইস্যুতেই কংগ্রেস বিরোধিতা করেছে। তাঁর বক্তব্য, “সাধারণ মানুষ যা চায়, কংগ্রেস তার উল্টো পথে হাঁটে। তাহলে তারা ভোট পাবে কীভাবে?”
এতেই থামেননি অমিত শাহ। তিনি ভবিষ্যদ্বাণী করেন, আসন্ন তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও কংগ্রেসকে পরাজয়ের মুখ দেখতে হবে। বিজেপির সাফল্যের কারণ হিসেবে তিনি তুলে ধরেন সরকারের নীতি ও মানুষের আস্থা। জনসভা শেষে শাহের কটাক্ষ, “রাহুল গান্ধী যেন হতাশ না হন, সামনে পরাজয়ের আরও উদাহরণ তিনি দেখবেন।”
