
দীর্ঘ দিনের জল্পনার অবসান ঘটতে চলেছে। দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার বিয়ের দিনক্ষণ প্রকাশ্যে এসেছে বলে ঘনিষ্ঠ সূত্রের খবর। যদিও প্রকাশ্যে এখনও কেউ মুখ খোলেননি, তবু ইন্ডাস্ট্রির অন্দরে চূড়ান্ত প্রস্তুতির ইঙ্গিত স্পষ্ট।
সূত্র জানাচ্ছে, সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে একটি ঐতিহ্যবাহী প্রাসাদে চার হাত এক করবেন বিজয় ও রশ্মিকা। বিয়ের অনুষ্ঠান হবে একান্ত পারিবারিক পরিসরে। দুই পরিবারের সদস্য এবং অল্প কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া অন্য কেউ উপস্থিত থাকবেন না। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নবদম্পতি হায়দরাবাদে ফিরে ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়ে বড় করে রিসেপশন দেওয়ার পরিকল্পনা করেছেন।
বিজয়–রশ্মিকার প্রেমের গুঞ্জন নতুন নয়। বহুদিন ধরেই তাঁদের একসঙ্গে ছুটি কাটানো, ভ্রমণের ছবি এবং সামাজিক মাধ্যমে পোস্ট করা প্রাকৃতিক দৃশ্যের মিল চোখে পড়েছে অনুরাগীদের। যদিও এই সম্পর্ক নিয়ে কখনও প্রকাশ্যে কথা বলেননি কেউই। তবে সাম্প্রতিক সময়ে দু’জনের হাতেই বহুমূল্য আংটি দেখা যাওয়ায় বাগ্দানের খবর আরও জোরালো হয়।
রশ্মিকার নীরবতার পিছনেও রয়েছে অতীত অভিজ্ঞতা। ২০১৭ সালে অভিনেতা রক্ষিত শেট্টির সঙ্গে তাঁর বাগ্দান হয়েছিল, যা এক বছরের মাথায় ভেঙে যায়। সেই অভিজ্ঞতার পর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে তিনি অনেক বেশি সতর্ক এমনটাই ইন্ডাস্ট্রির একাংশের ধারণা।
ফেব্রুয়ারি মাসকে বলা হয় প্রেমের মাস। সেই মাসেই বহু দিনের প্রেম পরিণতি পেতে চলেছে এই খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা। এখন শুধু অপেক্ষা, কবে বিজয় ও রশ্মিকা নিজেরাই সুখবরটি প্রকাশ্যে আনবেন।
