
নতুন বছরের শুরুতেই বাংলায় শীতের দাপট আরও স্পষ্ট। একদিকে রেকর্ড ঠান্ডা, অন্যদিকে শীতের সঙ্গী হয়ে হাজির বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের চারটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ—কোথাও শীতের এই স্পেল ঠিক কতদিন চলবে, তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি আবহাওয়াবিদরা।
এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা ঠান্ডার নিরিখে উত্তরবঙ্গকে পিছনে ফেলেছে। শুক্রবার রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বীরভূমের সিউড়ি, যেখানে পারদ নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াসে। হাওড়ার উলুবেড়িয়ায় ৮.৬ ডিগ্রি, বহরমপুরে ৮.৪ ডিগ্রি এবং শ্রীনিকেতনে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তুলনায় আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতার আবহাওয়াও যথেষ্ট শীতল। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি, স্বাভাবিকের তুলনায় প্রায় ২.৫ ডিগ্রি কম। আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ভোরের দিকে হালকা কুয়াশাও থাকতে পারে।
এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায় আজ ও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা রাজ্যের মধ্যে সবচেয়ে কম। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় শীতের সঙ্গে বৃষ্টিও যোগ হওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে বলেই আশঙ্কা।
