
২০০৭ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’ সিজন–৩ জিতে যিনি রাতারাতি দেশের ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন, সেই গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং আর নেই। রবিবার নয়াদিল্লিতে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। আকস্মিক এই প্রয়াণে শোকস্তব্ধ সংগীত ও বিনোদন জগৎ।
সূত্রের খবর, সম্প্রতি অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন প্রশান্ত। অনুষ্ঠান শেষ করে তিনি দিল্লিতে ফিরে আসেন। রবিবার বাড়িতেই থাকাকালীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। চলচ্চিত্র নির্মাতা রাজেশ ঘটানি প্রশান্ত তামাংয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। পাশাপাশি দার্জিলিংয়ের প্রখ্যাত গায়ক মহেশ সেবা সংবাদমাধ্যমকে জানান, হৃদরোগই এই মর্মান্তিক ঘটনার কারণ। যদিও এখনও পর্যন্ত প্রশান্তের পরিবারের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
দার্জিলিংয়ে জন্ম নেওয়া প্রশান্ত তামাং একসময় কলকাতা পুলিশের কর্মী ছিলেন। ছোটবেলা থেকেই গানের প্রতি গভীর অনুরাগ ছিল তাঁর। সেই ভালোবাসাই তাঁকে নিয়ে যায় ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে। সেখানেই তাঁর কণ্ঠ, সরলতা ও ব্যক্তিত্ব মন জয় করে নেয় দর্শকদের। শুধু ভারত নয়, নেপালেও ছিল তাঁর বিপুল জনপ্রিয়তা। বহু নেপালি গান আজও শ্রোতাদের কাছে সমান প্রিয়।
গানের পাশাপাশি অভিনয়েও নিজের দক্ষতার ছাপ রেখেছিলেন প্রশান্ত। তাঁকে দেখা গিয়েছিল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাল লোক ২’-এ। এছাড়াও ‘গোর্খা পল্টন’, ‘পরদেশী’ ও ‘পরদেশী ২’-এর মতো নেপালি ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। তাঁর আকস্মিক মৃত্যুতে ভারত ও নেপাল, দু’দেশের সাংস্কৃতিক মহলেই নেমে এসেছে গভীর শোক।
