
সরকারি হোক বা বেসরকারি প্রায় সব চাকরিজীবীরই থাকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফও (EPFO) অ্যাকাউন্ট। প্রতি মাসে বেতনের একটি নির্দিষ্ট অংশ কেটে এই অ্যাকাউন্টে জমা হয়, যা কর্মীদের অবসরকালীন সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। শুধু তাই নয়, এই জমা টাকার উপর বার্ষিক সুদও পাওয়া যায়, যা সময়ের সঙ্গে আপনার সঞ্চয় আরও বাড়িয়ে তোলে।
ইপিএফও সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই সদস্যদের অ্যাকাউন্টে বার্ষিক সুদের টাকা জমা পড়তে চলেছে। বর্তমানে ইপিএফও-তে ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। অর্থাৎ আপনার পিএফ অ্যাকাউন্টে যত টাকা ব্যালেন্স রয়েছে, তার উপর নির্ভর করেই সুদের অঙ্ক নির্ধারিত হবে। উদাহরণস্বরূপ, যদি আপনার অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা থাকে, তাহলে বছরে প্রায় ৪০ হাজার টাকার কাছাকাছি সুদ পেতে পারেন।
এই সুদের টাকা পাওয়ার জন্য আলাদা করে কোনও আবেদন করতে হবে না। ইপিএফও নিজে থেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে সদস্যদের পিএফ অ্যাকাউন্টে সুদের টাকা জমা করে দেবে। ফলে কর্মীদের জন্য এটি নিঃসন্দেহে বড় সুখবর।
আপনার পিএফ অ্যাকাউন্টে সুদের টাকা জমা পড়েছে কি না, তা খুব সহজেই অনলাইনে যাচাই করা যায়। প্রথমে EPFO UAN মেম্বার পোর্টালে গিয়ে UAN নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে লগ ইন সম্পন্ন করতে হবে। লগ ইন করার পর ‘পাসবুক’ অপশনে ক্লিক করলেই আপনার বর্তমান ব্যালেন্স ও সুদের অঙ্ক দেখা যাবে।
এছাড়াও উমঙ্গ (UMANG) অ্যাপের মাধ্যমেও খুব সহজে পিএফ ব্যালেন্স চেক করা যায়। অ্যাপ ডাউনলোড করে সেখানে EPFO সার্চ করে ‘ভিউ পাসবুক’ অপশনে গিয়ে UAN নম্বর ও ওটিপি দিয়ে লগ ইন করলেই সম্পূর্ণ তথ্য মিলবে।
ইপিএফও-র এই সুদের টাকা চাকরিজীবীদের জন্য বড় আর্থিক স্বস্তি নিয়ে আসছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
