
সাম্প্রতিক এক বছরে ভারতীয় দলের টেস্ট পারফরম্যান্সে ধাক্কা পরেছে, যা ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের সঙ্গে বিদেশের মাটিতে ধারাবাহিক লড়াইতে স্পষ্ট। প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় এই ব্যর্থতার কারণ বিশ্লেষণ করেছেন এটি শুধু ব্যক্তিগত ফর্মের সমস্যা নয়, বরং সিস্টেমের চ্যালেঞ্জ।
দ্রাবিড়ের মতে, আধুনিক ক্রিকেটারদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো ফরম্যাটের ভিড়ে টেস্টের জন্য পর্যাপ্ত প্রস্তুতির সময় না থাকা। টি-২০, ওয়ানডে, আইপিএলের ধারাবাহিক ম্যাচের মধ্যে হঠাৎ টেস্ট সিরিজ। তিনি বলেন, “অনেক সময় দেখা যায়, টেস্টের কয়েক দিন আগে দল পৌঁছায়। তখনই বুঝতে পারি, অনেক ব্যাটার কয়েক মাস ধরে লাল বলের অনুশীলন করেননি।” এই দীর্ঘ সময়ের বিচ্ছিন্নতা লাল বলের দক্ষতা ধরে রাখতে অসুবিধা তৈরি করছে।
দ্রাবিড় আরও বলেন, টেস্ট ক্রিকেটে শর্টকাট নেই। ধৈর্য, টেকনিক ও মানসিক শক্তি তৈরি হয় ঘণ্টার পর ঘণ্টার অনুশীলনের মাধ্যমে। তার নিজের প্রজন্মের উদাহরণ দিয়ে তিনি জানান, তখন শুধু দু’টি ফরম্যাট ছিল, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছিল না। তাই এক মাস ধরে লাল বলের প্র্যাকটিস করা সম্ভব হতো।
বর্তমান অধিনায়ক শুভমান গিলও স্বীকার করেছেন, তিন ফরম্যাট খেলে হঠাৎ টেস্টে মানিয়ে নেওয়া সহজ নয়। দ্রাবিড়ের মতে, ভারতীয় ওপেনারের কথাই নির্দেশ করছে টেস্ট ব্যর্থতার মূল সমস্যা ব্যক্তিগত ফর্ম নয়, সিস্টেম। যতদিন টেস্টের জন্য আলাদা সময় ও প্রস্তুতি নিশ্চিত করা হবে না, ততদিন লাল বলের ধারাবাহিক সাফল্য অধরা থাকবে।
টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতার জন্য ফরম্যাটের ভারসাম্য ও সঠিক প্রস্তুতি অপরিহার্য এই বার্তাই দিতে চেয়েছেন দ্রাবিড়।
