
ভারতীয় ক্রিকেটে দীর্ঘদিনের অবদান ও ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হলেন রোহিত শর্মা। কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস ছড়িয়েছে ক্রিকেট মহলে। সম্মান পাওয়ার পর একটি ভিডিও বার্তায় আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তিনি বলেন, এই স্বীকৃতি শুধু তাঁর একার নয় পরিবার, সতীর্থ, কোচ ও সমর্থকদের সম্মিলিত ভালোবাসার ফল।
রোহিত শর্মার নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলোয় ভারতীয় ক্রিকেট এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্মৃতি এখনও তাজা ক্রিকেটপ্রেমীদের মনে। দীর্ঘদিন আইসিসি ট্রফি না পাওয়ার হতাশা কাটিয়ে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয় তাঁর নেতৃত্বগুণের আরেকটি বড় প্রমাণ। এই দুই সাফল্যের পরেই জাতীয় স্বীকৃতি হিসেবে এল পদ্মশ্রী সম্মান।
ব্যাট হাতে রোহিতের কেরিয়ারও ঈর্ষণীয়। টেস্টে ৬৭ ম্যাচে ১২টি সেঞ্চুরি-সহ চার হাজারের বেশি রান, ওয়ানডেতে প্রায় সাড়ে এগারো হাজার রান ও ৩৩টি শতরান, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচটি সেঞ্চুরি, যা বিরল কৃতিত্ব। টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিলেও এখনও ওয়ানডেতে দেশের হয়ে খেলছেন ‘হিটম্যান’।
সম্মান পাওয়ার পর রোহিত স্পষ্ট করে দিয়েছেন, তাঁর লড়াই এখানেই থামছে না। লক্ষ্য এখন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। অভিজ্ঞতা, ঠান্ডা মাথার নেতৃত্ব আর বড় মঞ্চে নিজেকে উজাড় করে দেওয়ার মানসিকতা, এই তিন অস্ত্রেই আগামী দিনের ভারতীয় দলকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান রোহিত শর্মা।
