
দোলের রঙে রাজনৈতিক বার্তা, মঙ্গলবার সকালে এমনই ছবি দেখা গেল ভবানীপুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র বিধানসভা কেন্দ্রে হাজির হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কর্মী-সমর্থকদের নিয়ে দোল উৎসব পালন করলেন, মাখলেন আবির, গাইলেন ভক্তিগীতি। আর সেই সঙ্গেই ছুড়ে দিলেন রাজনৈতিক স্লোগান।
শুভেন্দু বলেন, “নাস্তিকতা নিপাত যাক। সেকুলারিজ়ম নিপাত যাক। হিন্দুরা যাতে পশ্চিমবঙ্গে সুরক্ষিত থাকে, সেই প্রার্থনা করব।” দোলের শুভেচ্ছা জানানোর পর তিনি গান ধরেন—‘গোরা গোরা গৌরাঙ্গ’। পাশাপাশি শোনা যায়, “হিন্দু-হিন্দু ভাই-ভাই” স্লোগানও।
সম্প্রতি ভবানীপুরে বিরোধী দলনেতার যাতায়াত বেড়েছে। একাধিকবার বৈঠক করেছেন সেখানে। শুধু তা-ই নয়, মুখ্যমন্ত্রীর কেন্দ্রে একটি ‘ওয়ার রুম’ গঠন করেছেন বলেও জানা গিয়েছে। ফলে রাজনৈতিক মহলে জোর জল্পনা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কি ভবানীপুর থেকেই প্রার্থী হতে চলেছেন শুভেন্দু?
বিজেপি সূত্রে ইঙ্গিত, এ বার মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্র থেকেই লড়তে পারেন। তাই ভবানীপুরে শক্ত লড়াই গড়ে তুলতে চাইছে গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই শুভেন্দুকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। দোলের সকালে কর্মসূচিতে উপস্থিতি সেই প্রস্তুতিরই অংশ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছিলেন মমতা। পরে ভবানীপুর উপনির্বাচনে জিতে সাংবিধানিক শর্ত পূরণ করেন তিনি। তাই আসন্ন ভোটে ভবানীপুর ঘিরে লড়াই যে ‘হাই ভোল্টেজ’ হতে পারে, তা বলাই যায়।
দোলের রঙ মেখে তাই এ দিন শুধু উৎসব নয়, রাজনৈতিক বার্তাও দিলেন বিরোধী দলনেতা। এখন প্রশ্ন এই উপস্থিতি কি প্রার্থিতার ইঙ্গিত, না কি শুধুই সাংগঠনিক শক্তি প্রদর্শন? উত্তর মিলবে সময়ই।
