
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় পদক্ষেপ নিল বামফ্রন্ট। সোমবার প্রথম দফায় ১৯২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল তারা। মোট ২৯৪টি আসনের মধ্যে এই তালিকায় একদিকে যেমন অভিজ্ঞ নেতাদের রাখা হয়েছে, অন্যদিকে নতুন প্রজন্মের মুখকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে বামেদের প্রার্থী তালিকায় এক ধরনের নবীন-প্রবীণ সমন্বয়ের ছবি স্পষ্ট হয়েছে।
ঘোষিত তালিকায় সবচেয়ে আলোচিত নাম সাবিনা ইয়াসমিন। তিনি ২০২৫ সালের ২৩ জুন কালীগঞ্জের উপনির্বাচন পরবর্তী হিংসায় নিহত স্কুলছাত্রী তমন্নার মা। কালীগঞ্জ কেন্দ্র থেকেই তাঁকে প্রার্থী করেছে বামফ্রন্ট। এই সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
প্রার্থী তালিকায় উল্লেখযোগ্য নামের মধ্যে রয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র ও বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। একই সঙ্গে দমদম উত্তর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে এসএফআইয়ের সর্বভারতীয় নেত্রী দীপ্সিতা ধরকে। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা দীপ্সিতার প্রার্থী হওয়া নিয়েও ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
নতুন প্রজন্মের আরও বেশ কয়েকটি মুখ রয়েছে এই তালিকায়। উত্তরপাড়া থেকে মিনাক্ষী মুখোপাধ্যায়, পানিহাটি থেকে কলতান দাশগুপ্ত, মহেশতলা থেকে সায়ন বন্দ্যোপাধ্যায় এবং রাজারহাট–নিউটাউন কেন্দ্র থেকে সপ্তর্ষি দেবকে প্রার্থী করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, আরজি কর আন্দোলনের সময় গ্রেফতার হওয়া কলতানকে পানিহাটি থেকেই প্রার্থী করেছে বামফ্রন্ট। ঘটনাচক্রে, ওই কেন্দ্রেই নিহত নির্যাতিতা চিকিৎসকের বাড়ি।
পরিবারতন্ত্রের অভিযোগ এড়াতে না পারলেও কিছু ক্ষেত্রে রাজনৈতিক উত্তরাধিকারও দেখা গিয়েছে তালিকায়। প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেবের পাশাপাশি তাঁর ভ্রাতুষ্পুত্র ময়ূখ বিশ্বাসকেও দমদম কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। আবার একসময়ের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের কেন্দ্র রায়দিঘিতে প্রার্থী করা হয়েছে তাঁর পুত্র সাম্যকে।
পুরনো মুখ ও প্রাক্তন বিধায়কদের মধ্যেও বেশ কয়েকজনকে আবার প্রার্থী করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন মানস মুখোপাধ্যায় (কামারহাটি), অম্বর মিত্র (ইংরেজবাজার), সুজিত চক্রবর্তী (বড়জোড়া), দেবলীনা হেমব্রম (রানিবাঁধ) এবং আমজাদ হোসেন (পান্ডুয়া)।
এদিকে নির্বাচন কমিশনের ঘোষণামতো, এ বার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল, যেখানে ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে ২৯ এপ্রিল, সেই দফায় ভোট হবে ১৪২টি আসনে। ভোট গণনা হবে আগামী ৪ মে। একই দিনে তামিলনাড়ু, কেরল, অসম এবং পুদুচেরির নির্বাচনের ফলও ঘোষণা করা হবে।
ভোটের আগে বামফ্রন্টের এই বড় প্রার্থী তালিকা প্রকাশ রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন নজর থাকবে অন্যান্য রাজনৈতিক দলগুলির পরবর্তী প্রার্থী তালিকার দিকে।
