
ভোটের আর মাত্র দুই সপ্তাহ বাকি। তার আগেই উত্তর কলকাতায় বিপুল সংখ্যক বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করল প্রশাসন। উত্তর কলকাতার মোট ১,৮৩৫টি বুথের মধ্যে ইতিমধ্যেই ৮৩৭টিকে ‘অতি স্পর্শকাতর’ বা উত্তেজনাপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক স্মিতা পান্ডে জানিয়েছেন, ঘিঞ্জি এলাকা, উচ্চ জনঘনত্ব এবং অতীত ভোটের অভিজ্ঞতা বিশ্লেষণ করেই এই বুথগুলিকে চিহ্নিত করা হয়েছে। তাঁর মতে, মোট বুথের প্রায় ৫০ শতাংশই বর্তমানে এই তালিকায় রয়েছে, এবং পরিস্থিতি পর্যালোচনা করে সংখ্যা আরও বাড়তে পারে।
প্রশাসন সূত্রে আরও জানা গেছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রয়োজনে স্পর্শকাতর এলাকাগুলিতে নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হবে। পাশাপাশি প্রতিটি বুথে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশের যৌথ টহল থাকবে।
ভোটের ৪৮ ঘণ্টা আগে ‘ট্রাবল মেকার’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের এলাকা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে প্রশাসনের। উদ্দেশ্য একটাই ভোটের দিন যাতে কোনও ধরনের অশান্তি বা বিশৃঙ্খলা না ঘটে।
এছাড়াও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মহিলা পরিচালিত বুথগুলিতে। মোট ১০০টি বুথকে ‘মহিলা বুথ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে সম্পূর্ণ দায়িত্বে থাকবেন মহিলা ভোটকর্মীরা। চৌরঙ্গীতে ১৪টি, এন্টালিতে ১৮টি, বেলেঘাটায় ১৭টি, জোড়াসাঁকোয় ১৫টি, শ্যামপুকুরে ১১টি, মানিকতলায় ১৫টি এবং কাশীপুর-বেলগাছিয়ায় ১০টি বুথ রয়েছে।
প্রশাসনের দাবি, শহরের ভোটপ্রক্রিয়াকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতেই এই ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। একসময় যেখানে ভোটের দিনকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা থাকত, সেখানে এবার প্রযুক্তি ও নিরাপত্তার সমন্বয়ে একটি সুষ্ঠু ভোটের পরিবেশ গড়ে তোলাই মূল লক্ষ্য।
উত্তর কলকাতার ভোট নিরাপত্তা নিয়ে প্রশাসনের এই তৎপরতা ভোটের আগে রাজনৈতিক মহলেও চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
