
প্রথম দফার ভোটগ্রহণের শেষ পর্যায়ে বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভার খয়রাশোল এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খয়রাশোল ব্লকের ৬৫ নম্বর বুথকে কেন্দ্র করে এই অশান্তির সূত্রপাত। জানা গিয়েছে, ইভিএমে ত্রুটি দেখা দেওয়ায় প্রায় আধ ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল। এর জেরে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, এই ক্ষোভ থেকেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের বাগ্বিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যে তা সংঘর্ষের আকার নেয়। উত্তেজিত জনতার একাংশ পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায় এবং বাহিনীর দিকে তেড়ে যায়। এমনকি ইট ছোড়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, এক জওয়ানের গাল থেকে রক্ত ঝরতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় পুলিশকে শেষমেশ অস্ত্র বের করতে হয়। পিস্তল উঁচিয়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়।
পরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকা উত্তেজনাপূর্ণ হলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
