
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের আলিপুর ২১০ নম্বর বুথে ভোটার তালিকা নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমা প্রায় শেষের পথে হলেও বুথের ৮১ জন বাসিন্দার নাম এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এই ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মোট ৮৭ জন বাসিন্দার নাম তালিকায় না থাকার অভিযোগ উঠেছিল। পরবর্তীতে প্রক্রিয়ার মাধ্যমে ৬ জনের নাম অন্তর্ভুক্ত হলেও বাকি ৮১ জন এখনও ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছেন বলে দাবি করা হচ্ছে। অভিযোগকারীদের মধ্যে স্থানীয়দের পাশাপাশি বুথ লেভেল অফিসার (BLO) এনালি সর্দারের নামও রয়েছে।
স্থানীয়দের বক্তব্য, একাধিকবার আবেদন ও প্রক্রিয়া অনুসরণ করা হলেও এখনও পর্যন্ত সংশ্লিষ্ট নামগুলি ভোটার তালিকায় যোগ করা হয়নি। তাদের আরও অভিযোগ, ২০০২ সালের পুরনো তালিকায় যাদের নাম ছিল, তাদের অনেকের নামও বর্তমান তালিকা থেকে বাদ পড়ে গেছে। এতে করে ভোটাধিকার প্রয়োগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উচ্চ আদালতের নির্ধারিত সময়সীমা শেষের দিকে চলে আসায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে দাবি বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, “নিজের নামই তালিকায় নেই, ডিলেট অপশনেই ভরসা”—এই অবস্থায় গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভও শুরু হয়েছে। ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় নেমে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন। দ্রুত সমস্যার সমাধান করে নাম অন্তর্ভুক্তির দাবি তুলেছেন তাঁরা।
অন্যদিকে, বুথ লেভেল অফিসার এনালি সর্দার, যিনি পেশায় একজন স্কুলের প্যারা টিচার, তাঁর নামও ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে স্থানীয়দের প্রশ্নের মুখে তিনি জানান, নিজের নামই তালিকা থেকে বাদ গেলে অন্যদের বিষয়ে মন্তব্য করা কঠিন।
পুরো ঘটনায় এলাকায় ভোট প্রক্রিয়া ঘিরে অনিশ্চয়তা ও উদ্বেগ আরও বেড়েছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জোরালো হচ্ছে স্থানীয়দের মধ্যে।
