
গোঘাটে ভোটের দিন রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাঝি বিভিন্ন এলাকা পরিদর্শনের পর অভিযোগ করেন, “গণতন্ত্রের কফিনে শেষ পেরেক পুঁতে দেওয়ার চেষ্টা চলছে।” তাঁর দাবি, ঝাড়খণ্ড, বাঁকুড়া, চন্দ্রকোনা সহ বিভিন্ন এলাকা থেকে বহিরাগত লোকজন ভোট প্রক্রিয়ায় প্রভাব ফেলতে এলাকায় ঢোকানো হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে একাধিকবার জানানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বলেও জানান।
অন্যদিকে আরামবাগে দেখা যায় ভিন্ন চিত্র। অসুস্থতার কারণে আরামবাগের সাংসদ মিতালি বাগ নিজে ভোটকেন্দ্রে যেতে পারেননি। পরে হাসপাতাল থেকেই তাঁকে হুইলচেয়ারে করে নিয়ে গিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়। চিকিৎসাধীন অবস্থায়ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করায় এই ঘটনা এলাকায় দৃষ্টি আকর্ষণ করে।
একদিকে রাজনৈতিক চাপানউতোর ও বহিরাগত ইস্যু নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, অন্যদিকে অসুস্থ অবস্থাতেও ভোটদানের ঘটনা, সব মিলিয়ে গোঘাট ও আরামবাগে ভোটের দিন নানা ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গেছে।
