
ভোটের দিন উত্তেজনা ছড়াল উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে। সালকিয়া এলাকায় মেঘেন্দ্র যাত্রা স্মৃতি বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে একাধিক ইভিএম মেশিনে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। এতে ভোটারদের মধ্যে অপেক্ষার সময় বেড়ে যায় এবং ধীরে ধীরে ভিড় জমতে থাকে।
এই পরিস্থিতির মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রাই। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ভোটারদের সঙ্গে কথা বলেন।
এরই মধ্যে ৪০ নম্বর বুথের বাইরে একটি ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, লাইনে দাঁড়ানো এক মহিলার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি তৈরি হয় এবং তাঁকে হাত ধরে টানার মতো আচরণ করা হয়। এরপরই অন্যান্য মহিলা ভোটাররা প্রতিবাদে সরব হয়ে ওঠেন এবং ঘটনাস্থলে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানা গেছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ভোটগ্রহণ যাতে নির্বিঘ্নে চলতে পারে, সেই দিকে নজর রাখা হচ্ছে।
