
দ্বিতীয় দফার ভোটে দুপুর ৩টে পর্যন্ত রাজ্যে ভোটদানের হার পৌঁছেছে ৭৮.৬৮ শতাংশে। প্রথম দফায় একই সময় পর্যন্ত ভোট পড়েছিল ৭৮.৭৭ শতাংশ। অর্থাৎ দুই দফাতেই ভোটারদের অংশগ্রহণ প্রায় সমান উচ্চ পর্যায়ে রয়েছে।
জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, দুপুর ৩টে পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে পূর্ব বর্ধমানে। অন্যদিকে সবচেয়ে কম ভোটদানের হার রেকর্ড হয়েছে কলকাতা দক্ষিণে।
নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্য অনুযায়ী, এবারের ভোটদানের হার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ওই লোকসভা ভোটে রাজ্যে সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার ছিল সাধারণত ৫৯ থেকে ৭০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ।
লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ভোটদানের হার ছিল ষষ্ঠ দফায়, যা দাঁড়িয়েছিল ৭০.২ শতাংশে। অন্যদিকে সবচেয়ে কম ভোট পড়েছিল সপ্তম দফায়, যেখানে দুপুর ৩টে পর্যন্ত ভোটদানের হার ছিল ৫৮.৫ শতাংশ।
এবারের উচ্চ ভোটদানের হারকে কেন্দ্র করে প্রশাসন এবং রাজনৈতিক মহল উভয়েরই নজর রয়েছে শেষ সময়ের ভোট প্রবণতার দিকে।
