লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পারস্পরিক শুল্ক বা আমদানি শুল্ক আরোপ করতে শুরু করেছেন তা ভারতীয় অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবে। তাঁর আরও দাবি, চিন ভারতের ৪ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে রেখেছে। এ বিষয়ে সরকারের বক্তব্য জানতে চেয়েছেন তিনি।
বুধবার ভারতীয় সময় মধ্যরাতে ‘রেসিপ্রোক্যাল ট্যারিফ’ বা পারস্পরিক শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ডামাডোল দুনিয়ায়। ভারতও তার ব্যতিক্রম নয়। ট্রাম্প জানিয়েছেন, ‘বন্ধু’ ভারতের উপর বসছে ২৬ শতাংশ শুল্ক। তা নিয়েই বৃহস্পতিবার মোদী সরকারকে আক্রমণ শানিয়েছেন রাহুল। তিনি বলেন, “আমাদের বন্ধু হঠাৎ ২৬ শতাংশ শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। যা আমাদের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে দেবে – আমাদের অটোমোবাইল শিল্প, ওষুধ শিল্প এবং কৃষি খাত সবই ক্ষতিগ্রস্ত হবে, …আমাদের জমির বিষয়ে আপনি কী করছেন, আর আমাদের মিত্র যে শুল্ক আরোপ করেছে, সে বিষয়ে আপনি কী করবেন?”
বুধবার ডোনাল্ড ট্রাম্প ভারত-সহ বিভিন্ন দেশের ওপর নতুন পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা করেছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অন্যান্য দেশ ‘লুট, ধ্বংস, শোষণ ও অপমানিত’ করেছে।
মার্কিন ঘোষণায় ভারতের ওপর চাপানো শুল্ক হার ২৬ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। তবে বাণিজ্য মন্ত্রকের হাতে আসা অন্যান্য নথি অনুযায়ী প্রকৃত হার ২৭%। ট্রাম্পের ঘোষণার প্রভাব গভীর ভাবে পর্যালোচনা করছে ভারত সরকার। বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, তারা সমস্ত অংশীদার, ভারতীয় শিল্প ও রফতানিকারকদের সঙ্গে যোগাযোগ রাখছে, তাদের মতামত নিচ্ছে এবং ভারতের উন্নয়নের দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে পরিস্থিতি মূল্যায়ন করছে।
এ দিন লোকসভার জিরো আওয়ারে বলতে উঠে রাহুল মোদী সরকারের কড়া সমালোচনা করেছেন চিন ইস্যুতেও। তিনি বলেন, “চিন আমাদের ৪ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে বসে আছে। কিছু দিন আগে যখন দেখলাম যে, আমাদের বিদেশ সচিব চিনা রাষ্ট্রদূতের সঙ্গে মিলে হাসিমুখে কেক কাটছেন! আমি বিস্মিত হয়ে গেছিলাম। এখন প্রশ্ন হল—এই ৪ হাজার বর্গকিলোমিটার এলাকা, যা চিন দখল করে রেখেছে, তার সঠিক অবস্থা কী?” তিনি ২০২০ সালের গলওয়ান ঘটনার প্রসঙ্গ টেনে আনেন। বলেন যে, “সেই সংঘর্ষে ২০ জন জওয়ান শহিদ হয়েছিলেন। তাদের শহিদ হওয়ার ঘটনা কি কেক কেটে উদযাপন করা হচ্ছে? আমরা স্বাভাবিক সম্পর্কের বিরোধিতা করছি না, কিন্তু তার আগে পূর্বের পরিস্থিতি ফিরিয়ে আনতেই হবে। আমাদের জমি ফিরিয়ে আনতে হবে।”
পরে, বিজেপি ও আরএসএসের সঙ্গে কংগ্রেসের বিদেশনীতির তুলনা করতে গিয়ে রাহুল বলেন, “একবার ইন্দিরা গান্ধীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বিদেশনীতির ক্ষেত্রে বামপন্থী নাকি ডানপন্থী? ইন্দিরাজি উত্তর দিয়েছিলেন, তিনি একজন ভারতীয় এবং সোজা দাঁড়িয়ে থাকেন… বিজেপি ও আরএসএসের দর্শন ভিন্ন, যখন তাদের বলা হয় ডান বা বাম দিকে ঝুঁকতে, তখন তারা প্রত্যেক বিদেশির সামনেই মাথা নত করে। এটাই ওদের সংস্কৃতি ও ইতিহাসের অঙ্গ।”
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
